পেরু ম্যাচের আগে ব্রাজিলের হন্ডুরাস পরীক্ষা
কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচে পরীক্ষামূলক দল ভালো ফুটবল উপহার দিয়ে দুঙ্গাকে মধুর এক সমস্যায় ফেলেছে। একাদশ নির্বাচনে প্রত্যেক জায়গাতেই অনেক বিকল্প পেয়ে গেছেন ব্রাজিল কোচ।
কোপা আমেরিকার লড়াই শুরুর আগে হন্ডুরাসের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচেও দুঙ্গা কিছু পরীক্ষা চালাবেন বলে উল্লেখ করেন। আসলে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের আগে টুর্নামেন্টের আট বারের চ্যাম্পিয়ন দলের কোচের মাথায় খেলা করছে, পেরুর বিপক্ষে কোপার ম্যাচের একাদশ কী হতে পারে।
দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের কোচ হওয়ার পর দুঙ্গার অপরাজিত থাকার রেকর্ড এখনও বজায় আছে। ২০১৪ বিশ্বকাপের পর ব্রাজিলের দায়িত্ব নেন ২০১০ বিশ্বকাপে দেশটির কোচ থাকা দুঙ্গা। দ্বিতীয় মেয়াদে দুঙ্গা দায়িত্ব নেওয়ার পর খেলা ৯ ম্যাচের একটিও হারেনি ব্রাজিল।
সবশেষ ব্রাজিল জয় পায় এবারের কোপা আমেরিকার আমন্ত্রিত দল মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে। গত রোববার সাও পাওলোতে জয়টি ছিল ২-০ গোলে।
কোপা আমেরিকার আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচের জন্য দলে বেশ পরিবর্তন আনতে হয় দুঙ্গাকে। অস্কার আর লুইস গুস্তাভো চোটের কারণে কোপা আমেরিকার দল থেকেই ছিটকে পড়েছেন। মার্সেলোও চোটের কারণে খেলতে পারছেন না। আর বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার জন্য নেইমারকে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে পাননি তিনি।
সব মিলিয়ে কোপা আমেরিকার আগে একাদশ নির্বাচন নিয়ে সমস্যায় পড়ে গেছেন দুঙ্গা।
“দলের সব খেলোয়াড়কেই খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি ১১ জন খেলোয়াড়ই বাছতে পারি। কিন্তু সবসময়ই চোট আর কার্ড থাকে, তাই বেঞ্চেও এর জন্য সবার প্রস্তুত থাকতে হবে।”
মেক্সিকোর বিপক্ষে ম্যাচে সবাই ভালো খেলায় খুব খুশি দুঙ্গা। গুস্তাভোর দল থেকে ছিটকে পড়া আর নেইমারের মেক্সিকোর বিপক্ষে খেলতে না পারাটা দুঙ্গাকে ভাবিয়ে তুলেছিল। কিন্তু সুযোগ পাওয়ারা ভালো খেলায় শেষ পর্যন্ত তিনি স্বস্তি পান।
“আমি মনে করি, শেষাবধি এটা ভালোই হয়েছে। এখন শুরুর একাদশ নিয়ে আমার মাথায় অনেক প্রশ্ন আছে এবং খেলোয়াড়রা জানে যে, এখন আমার অনেক বিকল্প আছে।”
