‘বার্সেলোনাতেই থাকছেন এনরিকে’
শতভাগ সাফল্যে মৌসুম শেষ করেও বার্সেলোনাতে থাকার ব্যাপারে এখনও কিছু বলেননি লুইস এনরিকে। তবে ক্লাবটির সভাপতি যেন সব অনিশ্চয়তার ইতি টানলেন। জানিয়ে দিলেন, কোথাও যাচ্ছেন না স্প্যানিশ এই কোচ।
গত শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসকে হারিয়ে বার্সেলোনাকে ‘ট্রেবল’ জেতানো এনরিকে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে জানান, কাম্প নউয়ে থেকে যাওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি তিনি।
গত মাসে স্পেনের লা লিগা ও কাপ শিরোপা জেতার পর ইউভেন্তুসকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতার ইতিহাস গড়ে বার্সেলোনা। অসাধারণ এই সাফল্যের পরও কাতালুনিয়া ক্লাবটিতে থাকার ব্যাপারে এনরিকের মনস্থির করতে না পারাটা অনেক প্রশ্নের জন্ম দেয়।
