অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টে ইপিলিয়ন গ্রুপ
আগামী তিন বছর অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনে বাফুফেকে অর্থ সাহায্য দেবে ইপিলিয়ন গ্রুপ।
রোববার ইপিলিয়ন গ্রুপ ও বাফুফের মধ্যে এ নিয়ে চুক্তি হয়েছে। বাফুফে সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব বাদল রায় এবং ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজ উদ্দিন আল মামুন চুক্তিতে সই করেন।
ঠিক কত টাকা ইপিলিয়ন গ্রুপ দিচ্ছে এ ব্যাপারে বাফুফে বা ইপিলিয়ন গ্রুপ কিছু জানায়নি। তবে বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব বাদল রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইপিলিয়ন গ্রুপের কাছ থেকে সর্বোচ্চ আর্থিক সহযোগিতা পাবেন তারা।
“আমরা তিন বছরের জন্য একটা পরিকল্পনা করেছি এবং আনুমানিক একটা খরচের কথা তাদের বলেছি। তারা আমাদের কথা দিয়েছে, এই তিন বছরের জন্য যা খরচ হবে, তার সিংহভাগই আমাদের দেবে।”
চলতি জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেশের ৮ টি অঞ্চলে ৬৪টি জেলার দল নিয়ে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হবে।
