৫০ মিটার রাইফেলে বাকির সোনা
জাতীয় শুটিংয়ের শেষ দিনেও পদক পেয়েছেন আব্দুল্লাহ হেল বাকি। ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সেরা হয়েছেন গ্লাসগো কমনওয়েলথ গেমসে রূপা জেতা এই শুটার।
গুলশান শুটিং ক্লাবে শনিবার জাতীয় শুটিংয়ের শেষ দিনের খেলা হয়। বাংলাদেশ শুটিং ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, শেষ দিনে চার ইভেন্টের পদক নিষ্পত্তি হয়েছে।
৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ঢাকা রাইফেল ক্লাবের বাকি ১১৪১ স্কোর করে সোনা জয় করেন। কুষ্টিয়া রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার চন্দন (১১৩৬) রূপা এবং আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের রমজান আলী (১১১২) ব্রোঞ্জ পেয়েছেন।
পুরুষদের এয়ার পিস্তলে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনকে সোনা এনে দিয়েছেন মহেন্দ্র কুমার সিংহ; ১৮৮.৭ স্কোর গড়েন তিনি। একই ক্লাবের রায়হানুল ইসলাম (১৮৮.৬) রুপা ও রাজশাহী রাইফেল ক্লাবের মোস্তাহিদ-উল-ইসলাম (১৬৯.১) ব্রোঞ্জ পেয়েছেন।
১০ মিটার এয়ার পিস্তল জুনিয়রে সেরা হয়েছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের আনোয়ার হোসেন (৫৬৪)। একই দলের শাকিল আহমেদ (৫৫১) ও বিকেএসপি শুটিং ক্লাবের শাহজালাল সাদমান (৫৪৩) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।
