মারেকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
দুই দিনে গড়ান সেমি-ফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ।
রোলাঁ গারোঁয় প্রথম শিরোপার স্বাদ পেতে ফাইনালে সার্বিয়ার এই টেনিস তারকার হারাতে হবে সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কাকে।
ঝড়ের কারণে জোকোভিচ-মারের সেমি-ফাইনাল শুক্রবার শেষ হয়নি। তিন সেটের নিষ্পত্তিতে সে সময় ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন জোকোভিচ। আর চতুর্থ সেটে দুজনের ৩-৩ গেমের সমতা ছিল।
শনিবার চতুর্থ সেট জিতে নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন মারে। তবে বৃটিশ এই টেনিস তারকা শেষ রক্ষা করতে পারেননি। পঞ্চম সেটে বর্তমান বিশ্বসেরা জোকোভিচের বিপক্ষে প্রতিরোধ গড়তে পুরোপরি ব্যর্থ হওয়া মারে হারেন ৬-১ গেমে।
পাঁচ সেটে গড়ান লড়াইটি ৬-৩, ৬-৩, ৫-৭, ৫-৭, ৬-১ গেমে জিতে তৃতীয়বারের মতো ফরাসি ওপেনের ফাইনালে ওঠেন জোকোভিচ। ২০১২ ও ২০১৪ সালে এই আসরের ফাইনাল খেলেছিলেন সার্বিয়ার এই টেনিস তারকা।
মারেকে হারিয়ে টানা ২৮ ম্যাচ জয়ের স্বাদ পেলেন জোকোভিচ। রোববারের ফাইনালে ভাভরিঙ্কাকে হারাতে পারলে অষ্টম খেলোয়াড় হিসেবে এককের চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়বেন তিনি।
