ভাগ্যের দিকেও তাকিয়ে ইউভেন্তুস
অদম্য বার্সেলোনার বিপক্ষে জয়ের মন্ত্র কী ইউভেন্তুসের? লিওনেল মেসি, লুইস সুয়ারেস আর নেইমারদের রোখার কিছু পরিকল্পনা করে রেখেছেন ইতালির ক্লাবটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। তবে ইতালির এই কোচ মনে করেন, কাতালুনিয়া ক্লাবটিকে হারাতে তার দলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভাগ্যের সহায়তা।
ইউভেন্তুসের প্রাথমিক লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা। এটা পূরণ হওয়াতে খুশি আল্লেগ্রি। আর এখন বার্সেলোনাকে হারিয়ে ট্রেবল জয়ের ইতিহাস গড়তে চায় ইউভেন্তুস।
শনিবার বার্লিনে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হওয়া ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে কথা বলেন আল্লেগ্রি।
“বার্সেলোনাকে হারাতে আমাদের ভাগ্যের ছোঁয়া লাগবে।”
মেসি, সুয়ারেস আর নেইমারের সমন্বয়ে গড়া বার্সেলোনার আক্রমণ-ত্রয়ীকে রোখা প্রায় অসম্ভব মনে করেন ইউভেন্তুস কোচ। বার্সার অদম্য রূপের বিষয়টিও মানেন তিনি। তবে আগেই হাল ছাড়তে রাজি নন আল্লেগ্রি।
“ব্যক্তিগত পর্যায় আর দল হিসেবে বার্সেলোনা খুব শক্তিশালী। কিন্তু তাদেরও দুর্বলতা আছে।”
বার্সেলোনাকে রোখার প্রসঙ্গে আল্লেগ্রি বলেন, “তাদের কিভাবে থামাব, সেই পরিকল্পনা আমাদের আছে।”
অনেকেই মনে করছেন, লড়াইটা মূলত হবে বার্সেলোনার আক্রমণ-ত্রয়ীর সঙ্গে ইউভেন্তুসের জমাট রক্ষণের। আর এ থেকেই কেউ কেউ মনে করছেন, ম্যাচটিতে খুব বেশি গোল হবে না। তবে আল্লেগ্রি এই দলে নেই।
“আমি মনে করি না, এটা গোলশূন্য (ম্যাচ) হবে। আমাদেরও গোলের জন্য ঝাঁপাতে হবে।”
