২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে বল দখলে এগিয়ে থাকতে চায় বার্সা

ইউভেন্তুসের বিপক্ষে ফাইনালের আগে আত্মবিশ্বাসী বার্সেলোনা কোচ লুইস এনরিকে আশা করছেন, বল দখলের লড়াইয়ে তার দল এগিয়ে থাকবে। ম্যাচের বেশিরভাগ সময়েই বল প্রতিপক্ষের অর্ধে থাকবে বলেও মনে করেন তিনি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 12:59 PM

Updated : 12 Oct 2022, 03:46 PM

সাধারণ ফুটবল সমর্থক থেকে ফুটবল বিশেষজ্ঞ; বেশিরভাগ মানুষই চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনালে বার্সেলোনাকেই ফেভারিট মানছেন। ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এনরিকেও যেন তাদের কণ্ঠেই সুর মেলালেন। 

“আমি একটি ম্যাচ কল্পনা করছি, যেখানে বল আমাদের কাছেই বেশি থাকতে পারে এবং ইউভেন্তুসের অর্ধেই বেশি থাকতে পারে।”

জয়ের সংকল্প আছে, আছে আত্মবিশ্বাসও। তবে অতি আত্মবিশ্বাসে গা ভাসিয়ে দিয়ে বিপদ ডেকে আনতে চান না এনরিকে। এ কারণেই শিষ্যদের সতর্কও করে দেন বার্সেলোনা কোচ। 

“আমি নিশ্চিত যে, এটা খুব সহজ হবে না। ইউভেন্তুস বল (নিজেদের দখলে) রাখতে পছন্দ করে। এমনকি তারা নিজেদের অর্ধেও ভালো খেলে।”

এরই মধ্যে স্পেনের লা লিগা ও কাপ শিরোপা জিতেছে বার্সেলোনা। এনরিকে জানান, মৌসুমের এই পর্যায়ে এসে দলকে যেখানে দেখতে চেয়েছিলেন, ঠিক সেখানেই আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে প্রথম ক্লাব হিসেবে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের আনন্দে ভাসবে কাতালুনিয়ার ক্লাবটি।  অসামান্য এই অর্জনের মন্ত্রও শিষ্যদের কানে ভালোভাবেই ঢুকিয়ে দিয়েছেন এনরিকে।  “ভালো পারফরম্যান্স করো এবং আমাদের প্রতিপক্ষের চেয়ে ভালো হও।” শেষ পর্যন্ত কি হবে তা জানা যাবে শনিবার রাতেই। বার্সেলোনা-ইউভেন্তুসের উত্তেজনাময় লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।