ফাইনালের আগে বন্ধুত্বের গল্প শোনালেন নেইমার
ইউভেন্তুসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে নেইমারের মুখে আরেকবার উঠে এসেছে বার্সেলোনার আক্রমণ-ত্রয়ীর গল্প। লিওনেল মেসি, লুইস সুয়ারেস আর তার নিজের সমন্বয়ে গড়া ত্রয়ীর মধ্যে মিলই কাতালুনিয়ার ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছে বলে মনে করেন ব্রাজিল তারকা।
ফুটবল বিশ্বে ‘এমএসএন’ নামে পরিচিত হয়ে ওঠা এই ত্রয়ীর ওপর ভর করেই চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায় বার্সেলোনা। শনিবার বার্লিনে ইউভেন্তুসের বিপক্ষে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।
ফাইনালের আগে শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নেইমার বার্সেলোনার আক্রমণভাগে তার দুই সঙ্গী মেসি ও সুয়ারেসের প্রশংসায় পঞ্চমুখ হন।
“লিও ও লুইস একদম অসাধারণ খেলোয়াড়। খুব উঁচু মানের খেলোয়াড়।”
আক্রমণ-ত্রয়ীর সাফল্যের রসায়নও ব্যাখ্যা করেন নেইমার।
