২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভানোভিচকে হারিয়ে ফাইনালে সাফারোভা

আনা ইভানোভিচের দ্বিতীয়বার ফরাসি ওপেন জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছেন লুসি সাফারোভা। সাবেক বিশ্বসেরার বিপক্ষে সাফারোভার জয়টি ৭-৫, ৭-৫ ব্যবধানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 09:54 PM

Updated : 12 Oct 2022, 03:45 PM

মেয়েদের এককে বৃহস্পতিবার সরাসরি সেটের এই জয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের কোনো আসরের ফাইনালে ওঠার কৃতিত্ব দেখালেন সাফারোভা। চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড় ত্র্রয়োদশ বাছাই হিসেবে এবারের ফরাসি ওপেনে খেলছেন।

প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলার উচ্ছ্বাসে ভাসছেন সাফারোভা। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “একটা স্বপ্ন সত্যি হলো। আমি এটা বিশ্বাসই করতে পারছি না।”

২০০৮ সালে প্রথম এবং সর্বশেষ ফরাসি ওপেন জিতেছিলেন ইভানোভিচ। সাফারোভার বিপক্ষে শুরুতে ভালো করলেও শেষ দিকে ছন্দ হারানোয় দ্বিতীয়বারের মতো রোলাঁ গারোঁয় শিরোপা জয়ের আশা শেষ হলো এই সাবেক বিশ্বসেরার।