২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার স্বীকারোক্তি সাবেক ফিফা কর্মকর্তার

ফিফা নির্বাহী কমিটির সাবেক এক সদস্য স্বীকার করেছেন, তিনি এবং সংস্থাটির অন্য কয়েক জন কর্মকর্তা ১৯৯৮ ও ২০১০ বিশ্বকাপের স্বাগতিক দেশ নির্বাচনে ঘুষ নিয়েছিলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 05:56 PM

Updated : 12 Oct 2022, 03:45 PM

২০১৩ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ওই ফুটবল কর্মকর্তা চাক ব্লেজার স্বদেশের এক বিচারকের কাছে বিশ্ব ফুটবলের আরও কিছু বড় টুর্নামেন্টের সঙ্গে জড়িত বিষয়েও ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছিলেন, যা এখন প্রকাশ করা হয়েছে।

বুধবার প্রকাশিত এক প্রতিলিপিতে জানা যায়, ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের আইনজীবিদের সঙ্গে এক চুক্তির অংশ হিসেবে ১০টি অপরাধ স্বীকার করেছিলেন ব্লেজার।

যুক্তরাষ্ট্রের আইনজীবীদের মতে, ব্লেজারের সাহায্যে বড় আকারে দুর্নীতির একটা মামলা দাঁড় করানো গেছে, যাতে ফিফার অনেক বড় বড় কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এরই ফলশ্রুতিতে সংস্থাটির সভাপতি পদে দীর্ঘদিন থাকা জেপ ব্লাটার গত মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন।

পঞ্চম মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার পরই সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান ৭৯ বছর বয়সী সুইস এই কর্মকর্তা।      

১৯৯৭ থেকে ২০‌১৩ সাল পর্যন্ত ফিফার নির্বাহী কমিটির সদস্য ছিলেন ব্লেজার। ১৯৯০ থেকে ২০১১ সাল পর্যন্ত উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থার মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি।

প্রকাশিত এই প্রতিলিপিতে উল্লেখ আছে, ২০১৩ সালের ২৫ নভেম্বর রুদ্ধদ্বার শুনানিতে ব্লেজার স্বীকার করেন যে, তিনি এবং আরও কয়েক জন কর্মকর্তা ১৯৯৮ সালের বিশ্বকাপের আয়োজক দেশ নির্বাচন প্রক্রিয়ায় ঘুষ নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন।

আরেকটি আদালতের দলিলে প্রকাশ হয়েছে, ১৯৯৮ বিশ্বকাপের স্বাগতিক হতে ঘুষ দিয়েছিল মরক্কো। শেষ পর্যন্ত অবশ্য ফ্রান্স ওই বিশ্বকাপের স্বাগতিক নির্বাচিত হয়।

ব্লেজার আরও স্বীকার করেন, "২০০৪ থেকে ২০১১ পর্যন্ত আমি এবং ফিফা নির্বাহী কমিটির অন্যান্যরা দক্ষিণ আফ্রিকাকে ২০১০ বিশ্বকাপের স্বাগতিক নির্বাচন প্রক্রিয়ার ঘুষ নিতে রাজি হয়েছিলাম।"  

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১০ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার জন্যে লড়তে দক্ষিণ আফ্রিকা ১ কোটি ডলার ঘুষ দিয়েছিল। দক্ষিণ আফ্রিকাও এই অর্থ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু তারা জানায়, ঘুষ হিসেবে নয়, ক্যারিবীয় অঞ্চলের ফুটবলের উন্নয়নের জন্য তারা এই অর্থ দিয়েছিল।

এছাড়া ১৯৯৬ থেকে ২০০৩ সালের মধ্যে কনকাকাফ অঞ্চলের মূল প্রতিযোগিতা গোল্ড কাপের পাঁচ আসরের সঙ্গে জড়িত বিষয়ে ঘুষ নেওয়ার কথাও স্বীকার করেন ব্লেজার।

গত কয়েক দিনে ফিফার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ব্লেজারের এই স্বীকারোক্তিতে নতুন মাত্রা পেল।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ফিফার দুর্নীতি নিয়ে ফৌজদারি তদন্ত শুরু করে। ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার পর সুইজারল্যান্ডে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ৭ শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে সুইস কর্তৃপক্ষ ফৌজদারি তদন্ত করার ঘোষণা দেয়।