কোপা জিততে মরিয়া নেইমার
ক্লাব ফুটবলে এরই মধ্যে বেশ কয়েকটা শিরোপা জিতেছেন নেইমার। জাতীয় দলের হয়েও তার ভাণ্ডার একেবারে শূন্য নয়। দেশের হয়ে অর্জনের সে ডালিতে এবার কোপা আমেরিকার শিরোপা যোগ করতে 'মরিয়া' ব্রাজিলের এই অধিনায়ক।
২০১১ সালে কোপা আমেরিকায় প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি নেইমার। সেবার ব্রাজিলও ছিটকে পড়ে কোয়ার্টার-ফাইনাল থেকে।
লাতিন আমেরিকার সেরা এই ফুটবল প্রতিযোগিতায় তুলনামূলক খুব একটা সাফল্য পায়নি ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হলেও এখানে তারা মোটে আটবার শিরোপা জিতেছে; যেখানে আর্জেন্টিনা ১৪ বার এবং উরুগুয়ে সর্বোচ্চ ১৫ চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষ ২০০৭ সালে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।
মহাদেশের সেরার লড়াইয়ের শিরোপা সংখ্যায় আর্জেন্টিনা-উরুগুয়ের সঙ্গে ব্যবধান একটি হলেও এবার ঘোচাতে চান নেইমার। দেশের মানুষকে দিতে চান শিরোপা জয়ের আনন্দ।
"ব্যাপারটা এমন নয় যে, আমি অধিনায়ক হওয়ায় যে কোনো মূল্যে জিততে চাই। আমি জয় উপভোগ করি।"
অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো দেশকে কোনো টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন নেইমার। তাতে কোনোরকম চাপে ভুগছেন কি না, এমন প্রশ্নের জবাবে বার্সেলোনার এই তারকা বলেন, "কোনো চাপ নেই। আমি তাই করি, যা আমি ভালোবাসি।"
গত বছর দেশের মাটিতে হওয়া বিশ্বকাপে নেইমারের ব্রাজিল শিরোপা স্বপ্ন দেখলেও সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় তারা। বিশ্বসেরার ওই টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলছিলেন নেইমার, কিন্তু শেষ আটের ম্যাচে চোট তাকে ছিটকে ফেলে।
ওই ঘটনার পর এক বছর যেতে না যেতেই আরেকটি বড় টুর্নামেন্ট কড়া নাড়ছে। পরিণত হওয়ায় নেইমারের কাঁধে এবার দায়িত্বটা আরও বেশি। তবে তাতে একটুও ভীত নন তিনি।
"আমি কোনো কিছুতেই ভয় পাই না। না, এমনকি মাকড়সাও ভয় পাই না। অন্যদের মতো আমি দলের এক জন সদস্য মাত্র এবং আমি এখানে সাহায্য করতে এসেছি।"
মজা করেই নেইমার আরও বলেন, "আমাকে গোল করতে হবে, অন্যথায় ব্রাজিলের মানুষ আমাকে মেরে ফেলবে।"
আগামী ১১ জুন থেকে চিলিতে বসবে এবারের কোপা আমেরিকার শিরোপা লড়াই। তবে ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণে এখনও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেননি দেশের হয়ে ৬২ ম্যাচে ৪৩ গোল করা নেইমার। আগামী শনিবার ইউভেন্তুসের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে তার দল বার্সেলোনা।
দুর্দান্ত ফর্মে থাকা নেইমার এই মৌসুমে ক্লাবের হয়ে এ পর্যন্ত ৩৮ গোল করেছেন। আর বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের হয়ে আট ম্যাচ খেলে ৮টি গোল করেছেন তিনি।
