২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মিটার এয়ার রাইফেলে রত্নাই সেরা

ঘরোয়া আসরে এই প্রথম ১০ মিটার এয়ার রাইফেলে ২০ শটে খেলা হচ্ছে। নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে অবশ্য কষ্ট হয়নি শারমিন আক্তার রত্নার। সাফ গেমস ও কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় করা এই তারকা এবারের ১০ মিটার এয়ার রাইফেলেও সেরা হয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 11:51 PM

Updated : 22 Aug 2022, 12:24 PM

গুলশান শুটিং রেঞ্জে চলছে ২৭তম জাতীয় শুটিং প্রতিযোগিতা। মঙ্গলবার এই আসরের পাঁচ ইভেন্টের ফাইনাল হয়। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে (সিনিয়র) ২০৫.৩ স্কোর গড়ে সেরা হয়েছেন ঢাকা রাইফেল ক্লাবের রত্মা। এই বিভাগে ‍কুমিল্লা রাইফেল ক্লাবের শারমিন আক্তার (২০৩.৮) রূপা এবং একই ক্লাবের তৃপ্তি দত্ত (১৮১.৯) পেয়েছেন ব্রোঞ্জ।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে সেরা হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শারমিন আখতার জুনিয়র; ৩৮৮.০০ স্কোর করেছেন তিনি। এই বিভাগে বিকেএসপির পাপিয়া সুলতানা জুনিয়র (৩৮৫.০০) রূপা ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের তানহিয়াত তাবাস্সমু তাহা (৩৮৪.০০) ব্রোঞ্জ পেয়েছেন।

পুরুষ ৫০ মিটার রাইফেল প্রোন-এ সেরা হয়েছেন কুষ্টিয়া রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ান চন্দন; ৫৮৩.০০ স্কোর গড়েছেন তিনি। এই বিভাগে গ্লাসগো কমনওয়েলথ গেমসে রূপা জেতা আব্দুল্লাহ হেল বাকি ৫৮১.০০ স্কোর নিয়ে দ্বিতীয় সেরা হয়েছেন। আর্মি শুটিং অ্যাসোসিয়েশনকে এই ইভেন্টের ব্রোঞ্জ এনে দিয়েছেন জুবায়ের আহমেদ (৫৭৪)।

৫০ মিটার রাইফেল প্রোন জুনিয়রে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের ছগির আহমেদ (৫৮৬.০০) সেরা হয়েছেন। আবু সুফিয়ান (৫৬৩) দ্বিতীয় এবং জেসিমুজ্জামান (৫৫৮) তৃতীয় হয়েছেন।

পুরুষ ২০ মিটার স্ট্যান্ডার্ড পিস্তলে ৫২৭ স্কোর নিয়ে সেরা হয়েছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের শেখ শাহাদাৎ আহমেদ। ঢাকা রাইফেল ক্লাবের রিপন কুমার সাহা (৫১৯) দ্বিতীয় এবং আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মহেন্দ্র কুমার সিংহ (৫০২) তৃতীয় হয়েছেন।

জাতীয় শুটিংয়ের এই আসর শুরু হয়েছে প্রায় তিন বছর পর। তবে দেরিতে হলেও আন্তর্জাতিক নিয়ম এবার অনুসরণ করছেন শুটাররা। বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ জানালেন, ঘরোয়া টুর্নামেন্টে আন্তর্জাতিক নিয়মের বাস্তবায়ন করতে হলে আরও সরঞ্জাম প্রয়োজন।

ইন্তেখাব জানান, আধুনিক সরঞ্জামের অভাবের কারণেই ক্ষতি হচ্ছে শুটারদের অনুশীলন। এ কারণে অনেকে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে দেশে করা স্কোরও তুলতে পারেন না।

রত্না-বাকিদের জন্য ‘টার্গেট মেশিন’ দরকার জানিয়ে ইন্তেখাব বলেন, “এটা খুব ব্যয় বহুল। একটি টার্গেট মেশিন কিনতে হলে ২৫ লাখ টাকা প্রয়োজন। এ মুহূর্তে আমাদের ১০টি মেশিন হলে ভালো হয়।”

ক্রীড়া উন্নয়নের জন্য সরকারের দেওয়া ৫০ কোটি টাকা থেকে চার কোটি টাকা চেয়েছিল শুটিং ফেডারেশন। সাড়াও মিলেছিল কিন্তু শেষ মুহূর্তে এই বরাদ্দ নিয়ে জট পেকেছে বলে অভিযোগ করেন ইন্তেখাব।

“আমরা এরই মধ্যে সেগুলো কেনার জন্য যাবতীয় উদ্যোগ নিয়েছিলাম; কিন্তু শেষ মুহূর্তে অর্থমন্ত্রণালয় চার কোটি টাকার সে বরাদ্দ আটকে দিয়েছে।”