২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসের সঙ্গে হাত মেলাবেন কামড় খাওয়া কিয়েল্লিনি

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে একটি অন্যরকম প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে জর্জো কিয়েল্লিনিকে-লুইস সুয়ারেসের সঙ্গে তার সাক্ষাৎপর্বটি কেমন হবে? ইউভেন্তুসের ইতালিয়ান ডিফেন্ডার জানিয়ে দিয়েছেন, বার্সেলোনা স্ট্রাইকারের সঙ্গে মনে কোনো বিদ্বেষ না রেখেই হাত মেলাবেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 03:29 PM

Updated : 22 Aug 2022, 12:24 PM

বার্লিনে ৬ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে সুয়ারেসের বার্সেলোনা ও কিয়েল্লিনির ইউভেন্তুস। এই দুই দলের ফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকেই চারদিকে সুয়ারেস-কিয়েল্লিনির আবার মুখোমুখি হওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এক ম্যাচে কিয়েল্লিনিকে কামড়ে দিয়েছিলেন সুয়ারেস। এই ঘটনার জন্য সব ধরনের ফুটবল থেকে চার মাসের জন্য এবং উরুগুয়ের হয়ে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে শাস্তির বিরুদ্ধে আবেদন করেছিলেন সুয়ারেস। তাতে শাস্তি কিছুটা শিথিল হয়েছিল।

বিশ্বকাপের পরই লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখান সুয়ারেস।

বিশ্বকাপের সেই কামড়-কাণ্ডের পর বার্লিনেই প্রথমবারের মতো দেখা হতে যাচ্ছে সুয়ারেস-কিয়েল্লিনির।

৩০ বছর বয়সী ডিফেন্ডার কিয়েল্লিনি মনে করেন, সুয়ারেসের মুখোমুখি হওয়া নিয়ে তার কোনো সমস্যা নেই।

"আমি তাকে আনন্দের সঙ্গেই আলিঙ্গন করব। আদৌ কোনো সমস্যা নেই।"

বিষয়টি নিয়ে অনেকে অনেক কিছু বলে যাচ্ছেন। তবে কিয়েল্লিনির ভাবনাটা এ নিয়ে একটু অন্যরকমই।

"তাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই এবং আমি মনে করি, তার জন্যও বিষয়টি একই। তাকে একজন খেলোয়াড় হিসেবে ভাবতে হবে আমার, সে কিভাবে এগোয়, তার অসাধারণ স্কিল; এর বেশি কিছু ভাবছি না।"