'মানুষ' মেসিকে মাঠে চান বুফ্ফন
কেউ তাকে অদম্য বলেন, কেউ বলেন অনন্য। কারও কাছে লিওনেল মেসি বিশ্বসেরা। আর অনেকের মতেই ইউভেন্তুসের গোলরক্ষক জানলুইজি বুফ্ফন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডকে আখ্যা দিয়েছেন 'পৃথিবীর বাইরের' বলে।
আগামী শনিবার বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা আর ইউভেন্তুস। এই ম্যাচের আগে প্রতিপক্ষের সেরা তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বুফ্ফন।
"মেসি অন্য গ্রহের, যে আমাদের মতো মানুষদের সঙ্গে খেলে।"
মেসি তার সেরা ফর্মে থাকলে তাকে রোখা কারও পক্ষেই সম্ভব নয় বলে মনে করেন অনেকে। বুফ্ফনও এটা মানেন। এ কারণেই ফাইনালে মেসিকে নিয়ে একটা চাওয়া আছে ইতালির এই গোলরক্ষকের।
"আমরা আশা করি, ৬ জুন সে পৃথিবীতে ফিরবে এবং (আমাদের মতো) একজন মানুষও হয়ে যাবে।"
২৭ বছর বয়সী আর্জেন্টাইন তারকা মেসি এই মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৫৮ গোল করেছেন। উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস আর ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারের সঙ্গে মিলে অদম্য এক ত্রয়ী গড়ে তুলেছেন আর্জেন্টিনার অধিনায়ক।
যে কোনো ক্লাবের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল করা ত্রয়ী হয়ে গেছেন মেসি-সুয়ারেস-নেইমার। এ মৌসুমে বার্সেলোনার হয়ে এরই মধ্যে ১২০ গোল করা এই ত্রয়ীকে থামানো নিয়েও দুশ্চিন্তায় আছেন বুফ্ফনরা।
