যুক্তরাষ্ট্রে 'তদন্তের আওতায়' ব্লাটার
ফিফার দুর্নীতি নিয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের তদন্তের আওতায় সংস্থাটির সভাপতি জেপ ব্লাটারও আছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
গত মঙ্গলবার ব্লাটারের ফিফা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই খবরটি আসে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত সপ্তাহে ফিফার দুর্নীতি নিয়ে ফৌজদারি তদন্ত শুরু করে। ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার পর সুইজারল্যান্ডে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাত শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের ঘটনার দুই দিন পর পঞ্চম মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হন সুইজারল্যান্ডের ব্লাটার।
ফিফাকে গুরুত্ব দিয়ে এবং সংগঠনটির স্বার্থ চিন্তা করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করেন ব্লাটার।
নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তারা ব্লাটারের বিরুদ্ধে একটি অভিযোগ দাঁড় করাতে অবৈধভাবে অর্থ উপার্জন আর অর্থ পাচারের দায়ে অভিযুক্ত ফিফার কর্মকর্তাদের সহায়তা পাবেন বলে আশা করছেন।
গত সপ্তাহে অভিযোগ গঠনের বিষয়টি ঘোষণা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চ জানিয়েছিলেন, তারা তদন্তের শেষ নয়, বরং শুরুর দিকে আছেন।
যুক্তরাষ্ট্রের এই তদন্ত শুরুর ফলেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এটির ইতিহাসের সবচেয়ে বড় সঙ্কটে পড়ে।
এর আগে এফবিআই, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস এবং নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেল ব্লাটারের পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি।
যুক্তরাষ্ট্রর বিচার বিভাগ জানায়, ২৪ বছরের বেশি সময় ধরে ১৫ কোটি ডলারের বেশি ঘুষ নেওয়ার অভিযোগে ১৪ জন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলছে।
জুরিখে গ্রেপ্তার সাত কর্মকর্তার মধ্যে ফিফার দুজন সহ-সভাপতিও আছেন। তাদের সবাইকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
ফিফা কর্মকর্তাদের গ্রেপ্তার হওয়ার ঘটনাটি ব্লাটারের পঞ্চম মেয়াদে সভাপতি হওয়ার বিষয়টি ম্লান করে দেয়।
গত শুক্রবার প্রথম দফা নির্বাচনের পর একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের যুবরাজ আলি বিন আল-হুসেইন সরে দাঁড়ালে পুনর্নির্বাচিত হন ব্লাটার।
প্রথম দফা ভোটে নির্বাচিত হতে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন ছিল। জুরিখে নির্বাচনে ভোট পড়ে ২০৯টি, এর মধ্যে বাতিল হয় তিনটি ভোট। ব্লাটার পান ১৩৩ ও জর্ডানের আল-হুসেইন পান ৭৩ ভোট।
১৯৯৮ সাল থেকে ফিফার সভাপতি পদে থাকা ৭৯ বছর বয়সী ব্লাটার সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার সময় উল্লেখ করেন, যত দ্রুত সম্ভব নতুন সভাপতি নির্বাচনের জন্য বিশেষ ফিফা কংগ্রেস ডাকা হবে।
ফিফার পরবর্তী সাধারণ কংগ্রেস হবে মেক্সিকো সিটিতে আগামী বছরের ১৩ মে। এটা অনেক দেরি হয়ে যায় বলেই ফিফার নির্বাহী কমিটিকে যত দ্রুত সম্ভব বিশেষ কংগ্রেস ডাকতে বলবেন উল্লেখ করেন ব্লাটার।
ধারণা করা হচ্ছে, ফিফার বিশেষ কংগ্রেস এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে হতে পারে।
গত মঙ্গলবার নতুন এক অভিযোগে দাবি করা হয়, ২০১০ সালের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা নিয়ে ফিফার মহাসচিব জেরোমে ভালকে ১ কোটি ডলার ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। ভালকে অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে সুইস কর্তৃপক্ষ একটি ফৌজদারি তদন্ত চালাচ্ছে।
