২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুলালের চমক, সিদ্দিকুরের হতাশা

বসুন্ধরা ওপেন গলফের দ্বিতীয় দিনেও হতাশ করেছেন সিদ্দিকুর রহমান। তবে দ্বিতীয় রাউন্ডে দারুণ খেলে পঞ্চম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের আরেক গলফার দুলাল হোসেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2015, 08:06 PM

Updated : 12 Oct 2022, 03:43 PM

দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে ৪২তম স্থানে আছেন সিদ্দিকুর।
 
আগের দিন প্রথম রাউন্ডের সবকটি হোলের খেলা শেষ করতে না পারা দুলাল বৃহস্পতিবার শুরুতে বাকি হোলের খেলা শুরু করেন। পারের চেয়ে মোট ২ শট বেশি খেলে যৌথভাবে ৫০তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেন তিনি।
 
কুর্মিটোলা গলফ কোর্সে এ দিন দ্বিতীয় রাউন্ডের প্রথম হোলেও ‘বোগি’ (পারের চেয়ে ১ শট বেশি) করে বাজে শুরু করেন দুলাল। কিন্তু এরপর ঘুরে দাঁড়িয়ে মোট ৭টি বার্ডি (পারের চেয়ে ১ শট কম) ও ১টি ঈগল (পারের চেয়ে ২ শট কম) মারেন তিনি।
 

সব মিলে দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে মোট ৮ শট কম খেলেন দুলাল। আর দুই রাউন্ড মিলে পারের চেয়ে মোট ৬ শট কম খেলেন তিনি। সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ১ শট বেশি খেলেন। এ দিন তিনি ২টি বার্ডি করলেও সঙ্গে ৩টি বোগিও করেন। প্রথম রাউন্ডে পারের চেয়ে ১ শট বেশি খেলে যৌথভাবে ৩৩তম স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই তারকা। মো. সজিব আলী দুই রাউন্ড মিলে পারের চেয়ে ১ শট বেশি খেলে যৌথভাবে ৩৪তম স্থানে আছেন। যৌথভাবে ৪২তম স্থানে আছেন মো. নুর জামাল।  বাংলাদেশের আরেক গলফার দিল মুহাম্মদ দুই রাউন্ড মিলে পারের চেয়ে মোট ৩ শট বেশি খেলে যৌথভাবে ৫৫তম স্থানে থেকে দ্বিতীয় রাউন্ড শেষ করেন। পারের চেয়ে মোট ৯ শট কম খেলে সিঙ্গাপুরের মারদান মানাত শীর্ষে আছেন।