২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি ওপেনের নিরাপত্তা ব্যবস্থায় অসন্তুষ্ট ফেদেরার

ফরাসি ওপেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন রজার ফেদেরার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2015, 05:21 PM

Updated : 12 Oct 2022, 03:43 PM

প্রথম রাউন্ডে ফেদেরারের ম্যাচ শেষ হওয়া মাত্র এক দর্শক কোর্টে ঢুকে পড়ে এবং তার সঙ্গে ছবি তুলতে চায়। এই ঘটনায় ফরাসি ওপেনের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেন সুইজারল্যান্ডের টেনিস তারকা।
 
"এই ব্যাপারে আমি খুশি না। অনুশীলনেও এমন ঘটেছিল। সেখানে একটা শিশু ছিল মাত্র, কিন্তু তারপর আরও তিন শিশু এসেছিল। আর এবার সেন্টার কোর্টে, যেখানে আপনি ভাববেন, এখানে কেউ আসতে পারবে না।"
 

কলম্বিয়ার আলেহান্দ্রো ফাল্লার বিপক্ষে রোববারের ম্যাচটি ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে জিতে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে ওঠেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। ফরাসি ওপেনের ম্যাচে দর্শকদের কোর্টে ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। ২০০৯ সালে রবিন সোদারলিং ও ফেদেরারের মধ্যেকার ফাইনাল ম্যাচেও এক দর্শক কোর্টে ঢুকে পড়েছিল। সে ঘটনার কথাও উল্লেখ করেন ৩৩ বছর বয়সী এই তারকা। বারবার এরকম ঘটনা ঘটায় সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন ফেদেরার।  টুর্নামেন্টের পরিচালক সাম্প্রতিক এই ঘটনাকে বিব্রতকর মানলেও নিরাপত্তা নিয়ে শঙ্কার কিছু নেই বলেই মনে করেন। তার মতে, নিরাপত্তা ব্যবস্থা পরিবর্তনেরও কোনো প্রয়োজন নেই।