এবারও মেসিকে ছাড়িয়ে পিচিচি ট্রফি রোনালদোর
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ বড় কোনো শিরোপা না জিতলেও ক্রিস্তিয়ানো রোনালদোর ব্যক্তিগত অর্জন শূন্য নয়। টানা দ্বিতীয়বারের মতো লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
এছাড়া ইউরোপের লিগগুলোর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন সু-ও জিততে যাচ্ছেন রোনালদো।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে গেতাফেকে ৭-৩ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে হ্যাটট্রিক করেন রোনালদো। ত্রয়োদশ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মার্সেলোনার ক্রস চমৎকার হেডে ম্যাচে নিজের প্রথম গোলটি করেন তিনি। এরপর ৩২তম মিনিটে চমৎকার ফ্রি-কিকে এবং দুই মিনিট পর পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন রোনালদো।
লা লিগার ২০১৪-১৫ মৌসুমে এটি রোনালদোর সপ্তম হ্যাটট্রিক। ৪৮ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। গোলের তালিকায় রোনালদোর পরেই আছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি (৪৩টি)।
পিচিচি ট্রফি জেতার তালিকায় মেসির পাশে বসলেন রোনালদো। বার্সেলোনার এই ফরোয়ার্ডও এ পর্যন্ত তিনবার এই স্বীকৃতি পেয়েছেন। ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি।
এ নিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন সুও পাচ্ছেন রোনালদো। ২০০৭-০৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় প্রথম এই পুরস্কার পেয়েছিলেন তিনি। ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পর ২০১০-১১, ২০১৩-১৪ সালে ইউরোপিয়ান গোল্ডেন সু পান ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গত মৌসুমে লুইস সুয়ারেসের সঙ্গে ইউরোপিয়ান গোল্ডেন সু যৌথভাবে জেতেন রোনালদো; বার্সেলোনায় যোগ দেওয়ার আগে লিভারপুলের হয়ে সুয়ারেস ২০১৩-১৪ মৌসুমে ৩১ গোল করেছিলেন।
ইউরোপিয়ান গোল্ডেন সুর তালিকায় মেসিকে পেছনে ফেলতে যাচ্ছেন রোনালদো; ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ মৌসুমে এই ট্রফি নিজের করে নিয়েছিলেন মেসি।
