ফিফা নির্বাচন: এবার ফিগোও সরে দাঁড়ালেন
মাইকেল ফন প্রাগের পর এবার লুইস ফিগোও ফিফা সভাপতির নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন।
ফলে বর্তমান সভাপতি জেপ ব্লাটারের প্রতিদ্বন্দ্বী থাকল মাত্র এক জন- আলি বিন আল-হুসেইন।
বৃহস্পতিবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফিগো। আগামী ২৯ মে হতে যাওয়া ফিফার নির্বাচন সুষ্ঠ হবে না দাবি করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
ফেইসবুকে পর্তুগালের সাবেক এই অধিনায়ক বলেন, "আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি এমন কোনো নির্বাচনে দাঁড়াব না যেটাকে ফিফা সভাপতির নির্বাচন বলা হচ্ছে।"
এই দিনের প্রথমে নির্বাচন থেকে সরে দাঁড়াবার ঘোষণা দেন নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশনের সভাপতি ফন প্রাগ। ৬৭ বছর বয়সী এই ফুটবল কর্তা ২৯ মের নির্বাচনে জর্ডানের যুবরাজ আল-হুসেইনকে সমর্থন দেবেন বলে জানান।
৭৯ বছর বয়সী ব্লাটার পঞ্চমবারের মতো ফিফা সভাপতি হওয়ার জন্য এগিয়ে আছেন।
ফিফার ২০৯টি সদস্য দেশের সবার সভাপতি নির্বাচনে ভোটাধিকার আছে।
