২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবের্তাদোরেস কাপ থেকে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স বহিষ্কৃত

প্রতিপক্ষের খেলোয়াড়দের উপর সমর্থকরা মরিচের গুঁড়ার স্প্রে করায় শাস্তি পেয়েছে বোকা জুনিয়র্স। দিয়েগো মারাদোনার সাবেক ক্লাবটিকে দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই লিবের্তাদোরেস কাপ থেকে বাদ দেওয়া হয়েছে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 03:08 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন শনিবার বোকা জুনিয়র্সকে শাস্তি দেওয়ার বিষয়টি জানায়। 
 
বোকাকে ২ লাখ ডলার জরিমানাও করা হয়। ক্লাবটিকে ঘরের মাঠে পরবর্তী চারটি ম্যাচ দশর্কশূন্য অবস্থায় খেলতে হবে। প্রতিপক্ষের মাঠেও আগামী চার ম্যাচে তাদের কোনো সমর্থক যেতে পারবে না। 
 
গত বৃহস্পতিবার বোকার মাঠে লিবের্তাদোরেস কাপের শেষ ষোলোর দ্বিতীয় পর্বের ম্যাচের বিরতির সময় এই ঘটনা ঘটে। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ করে আর্জেন্টিনার দুই ক্লাব।
 
বিরতি শেষে মাঠে ফেরার সময় টানেলে রিভার প্লেটের খেলোয়াড়দের ওপর মরিচের গুঁড়া স্প্রে করা হয়। রিভার প্লেটের চারজন খেলোয়াড়কে হাসপাতালে নিতে হয়। ম্যাচটি তখন পণ্ড ঘোষণা করে কর্তৃপক্ষ।
 
এরপর বোকাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় কনমেবল। কোয়ার্টার-ফাইনালে উঠে যাওয়া রিভার প্লেটের প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব ক্রুজেইরো। 
 
শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচটি নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বোকাকে ১-০ গোলে হারিয়েছিল রিভার প্লেট।