ফরাসি লিগে পিএসজির হ্যাটট্রিক শিরোপা
মঁপেলিয়েঁকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ফরাসি লিগের চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। লরাঁ ব্লাঁর দল টানা তৃতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা জিতল।
শনিবারের ম্যাচে একটি পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হতো পিএসজি। কিন্তু প্রতিপক্ষের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে তারা।
১৭তম মিনিটে মিডফিল্ডার ব্লেইস মাতুইদি পিএসজিকে এগিয়ে দেন। ৮ মিনিট পর আর্জেন্টিনার ফরোয়ার্ড এসেকিয়েল লাভেস্সি ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির ৫ মিনিট আগে একটি গোল শোধ করে মঁপেলিয়েঁ।
জ্লাতান ইব্রাহিমোভিচ আর এদিনসন কাভানিদের সামনে এখন ঘরোয়া ট্রেবল জয়ের হাতছানি। এরই মধ্যে লিগ কাপ জিতেছে তারা। আর আগামী ৩০ মে ফরাসি কাপে ওসারকে হারাতে পারলেই ট্রেবল জিতবে পিএসজি।
হ্যাটট্রিক শিরোপা জয়ের জন্য খেলোয়াড়দেরই কৃতিত্ব দেন পিএসজির কোচ ব্লাঁ।
দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক লিওঁ বোর্দোর সঙ্গে ১-১ গোলে ড্র করে।
মেসকে ২-০ গোলে হারানো মোনাকো আছে তৃতীয় স্থানে।
