লিভারপুলের সব আশা শেষ
ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার ক্ষীণ আশাটাও শেষ হয়ে গেল লিভারপুলের।
ঘরের মাঠ অ্যানফিল্ডে শনিবার রাতে প্রথমে এগিয়ে গিয়েও ৩-১ গোলে হারে লিভারপুল।
অ্যাডাম লালানার নৈপুণ্যে ২৬তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে গোলটি করেন ইংলিশ এই মিডফিল্ডার।
প্রথমার্ধের শেষ দিকে গোলটি শোধ করে দেন ইংলিশ মিডফিল্ডার জ্যাসন। ৬০তম মিনিটে লিভারপুলের জালে বল পাঠিয়ে স্বাগতিক দর্শকদের হতবাক করে দেন উইলফ্রাইড জাহা।
আর যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে অঘটন নিশ্চিত করে ফেলেন ক্রিস্টালের ইংলিশ স্ট্রাইকার গ্লেন মারে।
৩৭ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬২। ৬ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, ১ ম্যাচ কম খেলেছে তারা।
প্রিমিয়ার লিগের প্রথম তিনটি দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়। চতুর্থ দলটি প্লে-অফ খেলে।
