২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগে ফের হারল বায়ার্ন

জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় আবারও হেরেছে বায়ার্ন মিউনিখ। এবার ফ্রেইবুর্গের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায় আগেই শিরোপা নিশ্চিত করা পেপ গার্দিওলার দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 11:47 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের গোলে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু ৩৩তম মিনিটে গোলটি শোধ করে দেন মেসিডোনিয়ার স্ট্রাইকার আদমির মেহমেদি।
 
আর নির্ধারিত সময় শেষের এক মিনিট বাকি থাকতে বায়ার্নকে হতবাক করে জয়সূচক গোলটি করেন জার্মান স্ট্রাইকার নিলস পিটারসেন।
 
৪ রাউন্ড বাকি থাকতে শিরোপা জেতা বায়ার্নের লিগে এটা টানা তৃতীয় হার।
 
টানা ৪ ম্যাচ হারের পর গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে জিতলেও দুই লেগ মিলে ৫-৩ ব্যবধানে হেরে যায় বায়ার্ন।