২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার পতন চেয়ে এসপানিওলের বিপক্ষে নামছে রিয়াল

কাগজে-কলমের হিসাবে লা লিগা জয়ের সুযোগ রিয়াল মাদ্রিদের এখনও আছে বটে; তবে সেক্ষেত্রে শেষ দুই রাউন্ড জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে বার্সেলোনার পতনের দিকে। ‘অসম্ভব’ কিছু ঘটার স্বপ্ন নিয়ে এসপানিওলের বিপক্ষে খেলতে নামবে কার্লো আনচেলত্তির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 09:54 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

এসপানিওলের বিপক্ষে জিতলেও রিয়ালের টিমটিম করে জ্বলতে থাকা আশার সলতেটা নিভে যেতে পারে। রোববার একই সময়ে আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলতে যাওয়া বার্সেলোনা জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের।
 
অন্তত একটি বড় শিরোপা জিতে মৌসুম শেষ করতে বার্সেলোনার অকল্যাণ চাওয়া ছাড়া তাই আর কোনো উপায় নেই রিয়ালের।
 
বার্সেলোনা শহরের ক্লাব এসপানিওলের সঙ্গে রোববার বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে রিয়াল। 
 
মৌসুমের প্রথম পর্বে সব প্রতিযোগিতাতেই রিয়ালের আধিপত্য ছিল। টানা ২২ জয়ের রেকর্ড গড়া দলটি দীর্ঘদিন লিগের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টেও দুর্দান্ত খেলছিল। কিন্তু এই বছরের শুরু থেকে হঠাৎ পথ হারায় তারা। লিগের পয়েন্ট তালিকায় বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে ছিল রোনালদোরা। আর এখন পুরো উল্টো চিত্র, চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে আছে ইউরোপের সফলতম দলটি।
 
চার দিনের ব্যবধানে এতটা বিপর্যয় কি ভাবতে পেরেছিল রিয়াল? গত শনিবার লিগে ভালেন্সিয়ার সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে শিরোপা-স্বপ্ন ম্লান হয়ে যায় তাদের। আর গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগে ইউভেন্তুসের বিপক্ষে আবারও ঘরের মাঠেই ১-১ গোলে ড্র করে দুই পর্ব মিলে ৩-২ ব্যবধানে হেরে যায় গতবারের চ্যাম্পিয়নরা।
 
বড় দুটি ধাক্কার পর এখন একটা প্রশ্নই বড় হয়ে উঠছে, হতাশার বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়াতে পারবে রিয়াল? এর মধ্যে আবার রিয়াল শিবিরে নতুন করে যোগ হয়েছে চোট দুর্ভাবনা। গ্যারেথ বেল, করিম বেনজেমা মাঠে ফিরলেও ছিটকে পড়েছেন সের্হিও রামোস। অভিজ্ঞ এই খেলোয়াড় মূলত রক্ষণের হলেও গত কয়েক ম্যাচে তাকে মাঝ মাঠে খেলাচ্ছিলেন কোচ। সেরা মিডফিল্ডার লুকা মদ্রিচের অনুপস্থিতির কারণেই এই পরিবর্তন করতে বাধ্য হন আনচেলত্তি। কিন্তু এবার আবার নতুন কোনো বিকল্প খুজতে হবে তাকে।