২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সকারকে হারাল ব্রাদার্স

ফেনী সকারকে ৩-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 09:02 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ব্রাদার্সের জয়ে অগাস্টিন ওয়ালসন ২টি ও কেস্টার অ্যাকোন একটি করে গোল করেন। আর ফেনীর হয়ে একমাত্র গোল করেন আজমল হোসেন বিদুৎ।

চলতি লিগে এটি ব্রাদার্সের পঞ্চম জয়। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় লিগের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সৈয়দ নঈমুদ্দিনের দল। আর ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় অষ্টম স্থানে রয়েছে ফেনী সকার।

ম্যাচের ২৯তম মিনিটে হাইতির ফরোয়ার্ড অগাস্টিনের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। তবে দুই মিনিটের মধ্যে ফেনী সকারকে সমতায় ফেরান মিডফিল্ডার বিদ্যুৎ।

৬১তম মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড কেস্টার অ্যাকোনের গোলে আবার এগিয়ে যায় ব্রাদার্স।এরপর ফেনী সকারের সমতায় ফিরতে দেননি ব্রাদার্স গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। ল্যামিন জাতার শট কর্নারের বিনিময়ে রুখে দেন তিনি।

শেষ দিকে অগাস্টিন একক প্রচেষ্টায় ফেনীর গোলরক্ষককে আরেকবার পরাস্ত করলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স।