সুয়ারেসের উপর আক্রোশ নেই কিয়েল্লিনির
লুইস সুয়ারেসের প্রতি কোনো আক্রোশ পুষে রাখেননি জর্জো কিয়েল্লিনি। বিশ্বকাপের সেই কামড়-কাণ্ডের পর দুজনে আবার মুখোমুখি হলেও কেউই প্রতিশোধ নেওয়ার কথা ভাববে না বলে মনে করেন ইতালি ও ইউভেন্তুসের এই ডিফেন্ডার।
বার্লিনে ৬ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে সুয়ারেসের বার্সেলোনা ও কিয়েল্লিনির ইউভেন্তুস। এই দুই দলের ফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকেই চারদিকে সুয়ারেস-কিয়েল্লিনির আবার মুখোমুখি হওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এক ম্যাচে কিয়েল্লিনিকে কামড়ে দিয়েছিলেন সুয়ারেস। এই ঘটনার জন্য সবধরনের ফুটবল থেকে চার মাসের জন্য এবং উরুগুয়ের হয়ে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে শাস্তির বিরুদ্ধে আবেদন করেছিলেন সুয়ারেস। তাতে শাস্তি কিছুটা শিথিল হয়েছিল।
বিশ্বকাপের পরই লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখান সুয়ারেস।
সুয়ারেসের সঙ্গে আবার দেখা হওয়া নিয়ে কী ভাবছেন কিয়েল্লিনি? উত্তরে ইতালির ডিফেন্ডার বলেন, “আবার সুয়ারেসের মুখোমুখি হওয়া? হ্যা, কিন্তু এবার শান্ত অবস্থায় মুখোমুখি হব।”
সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমা, হাভিয়ের এর্নান্দেসের যেভাবে মুখোমুখি হয়েছেন, সেভাবেই সুয়ারেসের মতো অসাধারণ একজন স্ট্রাইকারের মোকাবেলা করবেন বলে জানান কিয়েল্লিনি।
