একশ’ মিটারে ষষ্ঠ দ্রুততম টাইমিং গ্যাটলিনের
এ বছর ১০০ মিটার স্প্রিন্টে সেরা টাইমিং করেছেন জাস্টিন গ্যাটলিন। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার ইভেন্টটির ইতিহাসে ষষ্ঠ দ্রুততম টাইমিং করার কীর্তিও গড়েছেন।
দোহায় ডায়মণ্ড লিগের শুরুর দিনে ৯ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন গ্যাটলিন। ডোপিংয়ের জন্য দুবার নিষেধাজ্ঞা কাটানো এই স্প্রিন্টারের এটি বছরের প্রথম জয়ও।
১০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডটি জ্যামাইকার উসাইন বোল্টের অধিকারে। বার্লিনে ২০০৯ সালে ৯ দশমিক ৫৮ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছিলেন বোল্ট। বিশ্বের দ্বিতীয় দ্রুততম টাইমিংও বোল্টের, লন্ডনে ২০১২ সালের অলিম্পিকে ৯.৬৩ সেকেন্ড সময় নেন তিনি।
৯.৬৯ সেকেন্ডের তৃতীয় দ্রুততম টাইমিংয়ে বোল্টের সঙ্গে আছেন তার স্বদেশি ইয়োহান ব্লেক ও যুক্তরাষ্ট্রের টাইসন গে। বোল্ট এই সময় নিয়ে দৌড়েছিলেন বেইজিংয়ে, ২০০৮ সালের অলিম্পিকে। গের টাইমিংটি ছিল ২০০৯ সালে সাংহাইয়ে। আর ব্লেকের দৌড়টি ছিল ২০১২ সালে লুজানে।
চতুর্থ দ্রুততম টাইমিং গের; বার্লিনে ২০০৯ সালে ৯.৭১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিলেন তিনি।
পঞ্চম দ্রুততম টাইংমিং যৌথভাবে পাওয়েল ও বোল্টের। ২০০৮ সালে ভিন্ন দুটি মিটে ৯.৭২ সেকেন্ড সময় নিয়েছিলেন দুজন।
ষষ্ঠ দ্রুততম দৌড়ে গ্যাটলিনের সঙ্গে আছেন জ্যামাইকার স্প্রিন্টার আসাফা পাওয়েল।
