চোটে পড়া রামোসকে নিয়ে অনিশ্চয়তা
মৌসুমের শেষ দিকে এসে বড় একটা ধাক্কাই খেল রিয়াল মাদ্রিদ। চোটে পড়ায় দলটির রক্ষণভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় সের্হিও রামোসকে এ মৌসুমে আর পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচে মাংশপেশিতে (কাফ) চোট পান রামোস। ওই ম্যাচ ১-১ গোলে ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে ইউভেন্তুসের কাছে হার মানে ইউরোপ সেরার আসরের সবচেয়ে সফল দলটি।
রিয়াল তাদের ওয়েবসাইটে শুক্রবার রামোসের চোট ‘গ্রেড ওয়ান’ পর্যায়ের বলে জানিয়েছে।
আগামী রোববার লা লিগার ম্যাচে এসপানিওলের বিপক্ষে ম্যাচ আছে রিয়ালের। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে লিগের তালিকায় চার পয়েন্টে পিছিয়ে থাকা কার্লো আনচেলোত্তির দলের জন্য ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচের আগে রামোসের চোট আনচেলোত্তির জন্য বড় ধাক্কা হয়েই এলো।
