দুই ম্যাচ নিষিদ্ধ আনচেলত্তি
রেফারির সিদ্ধান্ত নিয়ে বিদ্রুপ করে শাস্তি পেয়েছেন কার্লো আনচেলত্তি। স্পেনের লা লিগায় দুই ম্যাচের জন্য ডাগ-আউটে থাকতে পারবেন না রিয়াল মাদ্রিদের এই কোচ।
গত শনিবার ভালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন আনচেলত্তি। ম্যাচ শেষে বিদ্রুপ করে রেফারিকে উদ্দেশ করে হাততালি দেন তিনি।
রেফারি কার্লোস ক্লস গোমেস তার বিরুদ্ধে অভিযোগ করেন। এর প্রেক্ষিতেই স্পেনের ফুটবল ফেডারেশন আনচেলত্তিকে নিষিদ্ধ করে।
ভালেন্সিয়ার সঙ্গে ড্র করায় বার্সেলোনার সঙ্গে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়ে রিয়াল। লিগ শেষ হতে এখনো দুই রাউন্ড বাকি আছে। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান এখন ৪।
রিয়াল-ভালেন্সিয়া ম্যাচটি পরিচালনা করা রেফারিদের দেওয়া অভিযোগ অনুয়ায়ী, টানেল দিয়ে যাওয়ার সময় একজন সহকারী রেফারিকে উদ্দেশ করেও হাততালি দেন আনচেলত্তি।
