২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলের এজেন্টের ওপর চটেছেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড গ্যারেথ বেলের এজেন্টের ওপর ভীষণ চটেছেন কোচ কার্লো আনচেলত্তি। বেশি কথা না বলে চুপ থাকতে তাকে পরামর্শও দিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 11:11 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

কদিন আগে বেলের এজেন্ট জোনাথন ব্যার্নেট অভিযোগ করেন, রিয়াল সতীর্থরা বেলকে বল পাস দেয় না। সতীর্থদের অসহযোগিতার কারণে টটেনহ্যাম হটস্পারের সাবেক ফরোয়ার্ড রিয়ালের জার্সিতে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারছেন না।
 
বেলের এজেন্টের ওই অভিযোগের জবাব এবার দিলেন আনচেলত্তি, “এই বিশ্বে অনেক লোক কথা বলে এবং কখনও তারা খুব বেশি কথা বলে। সতীর্থদের সঙ্গে বেলের কোনো সমস্যা নেই এবং বেলকে নিয়ে তার সতীর্থদেরও কোনো সমস্যা নেই।”
 
বেলের রিয়াল সতীর্থদের সমালোচনা করে এ কথা বলেছিলেন ব্যার্নেট বলেছিলেন, “তাকে আরও বেশি বল দিন এবং সবাইকে দেখাতে দিন যে, তিনি (বেল) কিসে ভালো। সতীর্থরা তার সঙ্গে কাজ করলে এবং তাকে সাহায্য করলে তিনি রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় হবেন।” 
 
এ মৌসুমের শুরুতেও বেলের পারফরম্যান্স বেশ আশাব্যাঞ্জক ছিল। কিন্তু এই বছরের শুরু থেকে ঠিক ছন্দে দেখা যাচ্ছিল না তাকে। মাঝে আবার চোটে পড়েন। গত সপ্তাহে ইউভেন্তুসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম পর্বে ২-১ গোলে হারের ম্যাচে একরকম নিষ্প্রভই ছিলেন তিনি। আর গত শনিবার লিগে ভালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যাচে ভালো খেললেও প্রয়োজনীয় গোল এনে দিতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি এই খেলোয়াড়।
 
ইউভেন্তুসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের আগে আনচেলত্তি জানান, বেলের খেলায় হতাশ নন তিনি।
 
ওয়েলস ফরোয়ার্ডের এজেন্ট রিয়ালের কোনো অনুশীলনে থাকেন না জানিয়ে কোচ বলেন, “সে চুপ থাকলে সেটাই বরং ভালো হবে। বেল এই মৌসুমে যেভাবে খেলছে, তাতে আমরা খুশি।”
 
২০১৩-১৪ মৌসুমে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেন বেল। চোট সমস্যার কারণে ওই মৌসুমের প্রথম অর্ধে নিজেকে ঠিক মেলে ধরতে না পারলেও শেষ দিকে জ্বলে ওঠেন তিনি। সেবারের কোপা দেল রের ফাইনালে দলকে জেতাতে চমৎকার একটা গোল করেছিলেন তিনি। কয়েক দিন পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও আতলেতিকো মাদ্রিদকে হারাতে গোল করেন তিনি।