আক্রমণের মন্ত্র রিয়াল-ইউভেন্তুস শিবিরে
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে হলে নিজেদের মাঠে জিততেই হবে রিয়াল মাদ্রিদকে। তবে তাদের প্রতিপক্ষ সেমি-ফাইনালের প্রথম পর্বে জয় পাওয়া ইউভেন্তুসও কিন্তু চাপমুক্ত নয়; একমাত্র গোলে হারলেও ছিটকে পড়বে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ফাইনালে ওঠার জন্য দুই দলই তাই আক্রমণাত্মক ফুটবলের মন্ত্র জপছে।
সান্তিয়াগো বের্নাবেউতে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে মুখোমুখি হবে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইতালির ইউভেন্তুস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।
রিয়াল মাদ্রিদ ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল আর করিম বেনজেমাদের মতো ফরোয়ার্ডে সমৃদ্ধ। বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ নিয়ে কার্লো আনচেলত্তির দল এমনিতেই আক্রমণাত্মক ফুটবল খেলে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্পেনের লা লিগায় গত শনিবার ভালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে রিয়াল। তবে ম্যাচটিতে আক্রমণাত্মক আর সুন্দর ফুটবলের পসরা মেলে ধরেছিল তারা।
ম্যাচে পেনাল্টি মিস করেন রোনালদো, তিন তিনবার বল পোস্টে লাগায় রিয়ালের খেলোয়াড়রা। ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষে এই আক্রমণাত্মক ফুটবল ইউভেন্তুসের বিপক্ষে খেলার প্রত্যাশার কথা জানান রিয়াল কোচ আনচেলত্তি। আর এমন খেলতে পারলে ইউভেন্তুসকে টপকে ফাইনালে ওঠা সম্ভব বলেও মনে করেন তিনি।
ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহাল অবশ্য সতীর্থদের একটি সতর্কবার্তাও দেন-অতি আক্রমণাত্মক হতে গিয়ে রক্ষণ যেন উন্মুক্ত না হয়ে যায়।
“আমরা যদি শান্ত থাকি আর যথেষ্ট ধৈর্য্য থাকে, ম্যাচটি আমাদের পক্ষেই যাবে।”
ম্যাচটি রিয়ালের মাঠে বলেই সতীর্থদের রক্ষণের পথে হাঁটতে না করে দিলেন ইউভেন্তুসের ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি। ফাইনালে উঠতে হলে ইউভেন্তুসকে আক্রমণাত্মক মন্ত্র নিয়েই এগিয়ে যেতে হবে বলে মনে করেন ইতালির এই ডিফেন্ডার।
“আমাদের গোল করতে হবে। কারণ, আপনি জানেন, এত কম ব্যবধানে এগিয়ে থেকে মাদ্রিদে গিয়ে তা রক্ষা করতে পারবেন না।”
হাঁটুর চোট কাটিয়ে ইউভেন্তুসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামতে পারেন করিম বেনজেমা। ফরাসি এই ফরোয়ার্ডের অবশ্য বদলি হিসেবে নামার সম্ভাবনাই বেশি।
ইউভেন্তুসে অবশ্য চোটের কোনো সমস্যা নেই। কার্লোস তেভেস, পল পগবা আর প্যাট্রিস এভরারা সবাই সুস্থ আছেন এবং রিয়ালের মাঠ থেকে জয় নিয়েই ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ তারা।
দুই দলেই আক্রমণাত্মক ফুটবল খেলার প্রত্যয় আছে, জয়ের প্রতিজ্ঞাও আছে তাদের। আর দুই দলের অতীত লড়াইয়ের পরিসংখ্যানটাও সমানে সমান। এ পর্যন্ত ১৭বার মুখোমুখি লড়াইয়ে দুটি দলই আটটি করে ম্যাচ জিতেছে, বাকি একটি ম্যাচ ড্র হয়েছে। বের্নাবেউতে বুধবার রাতটি রোমাঞ্চ ছড়াতেই পারে ফুটবল বিশ্বে।
