কোপা আমেরিকার আজেন্টিনা দলে মেসির সঙ্গী তেভেস
ইতালির সেরি আতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন কার্লোস তেভেস। আর্জেন্টিনার কোপা আমেরিকার দলে জায়গা পেয়েছেন ইউভেন্তুসের এই ফরোয়ার্ড।
সোমবার ঘোষণা করা জেরার্দো মার্তিনোর দলে আছেন চোটে আক্রান্ত ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার আনহেল ডি মারিয়াও।
আলেহান্দ্রো সাবেইয়ার আর্জেন্টিনা দলে প্রায় তিন বছর নির্বাসিত ছিলেন তেভেস। এমনকি ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের দলেও তাকে রাখেননি আর্জেন্টিনার সাবেক কোচ।
তেভেসের আবার আর্জেন্টিনা দলে খেলার অপেক্ষা ফুরিয়েছে গত নভেম্বরে। পর্তুগাল ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তেভেসকে দলে ডাকেন মার্তিনো। ১২ নভেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচটি দিয়ে আর্জেন্টিনা দলে প্রত্যাবর্তন হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ডের।
আগামী ১১ জুন চিলিতে বসবে কোপা আমেরিকার এবারের আসর। ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের এই মুকুট জয়ের লক্ষ্যে ৩০ সদস্যের শক্তিশালী দল দেওয়ার কথা জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
লিওনেল মেসি তো আছেনই, চলতি মৌসুমে ইতালির সেরি আতে ৪৪ ম্যাচে ২৯ গোল করা তেভেসের সঙ্গে আর্জেন্টিনার আক্রমণভাগে আছেন গনসালো হিগুয়াইন, সের্হিও আগুয়েরো আর এসেকিয়েল লাভেস্সিরাও।
আর্জেন্টিনার কোপা আমেরিকার প্রাথমিক দল:
গোলরক্ষক: মারিও আন্দুজার (নাপোলি), নাউয়েল গুসমান (তাইগ্রেস), অগাস্তিন মারচেসিন (সান্তোস লাগুনা), সের্হিও রোমেরো (সাম্পদোরিয়া)।
ডিফেন্ডার: মিল্তন কাসকো (নিউওয়েলস), মার্তিন দেমিচেলিস (ম্যানচেস্টার সিটি), ফেদেরিকো ফের্নান্দেস (সোয়ানসি সিটি), এসেকিয়েল গারায় (জেনিত সেন্ট পিটার্সবার্গ), লুকাস ওরবান (ভালেন্সিয়া), নিকোলাস ওতামেন্দি (ভালেন্সিয়া), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাকুন্দো রনকাগলিয়া (জেনোয়া), পাবলো সাবালেতা (ম্যানচেস্টার সিটি)।
মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (বার্সেলোনা), এভার বানেগা (সেভিয়া), লুকাস বিগলিয়া (লাৎসিও), আনহেল দি মারিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), ফের্নান্দো গাগো (বোকা জুনিয়র্স), এরিক লামেলা (টটেনহ্যাম হটস্পার), ফেদরিকো মানকুয়েল্লো (ইন্দিপেন্দেয়িন্তে), হাভিয়ের পাস্তোরে (পিএসজি), রবের্তো পেরেইরা (ইউভেন্তুস), এনসো পেরেস (ভালেন্সিয়া), মাক্সি রদ্রিগেস (নিওয়েলস)।
ফরোয়ার্ড: সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), নিকোলাস গাইতান (বেনফিকা), গনসালো হিগুয়াইন (নাপোলি), এসেকুয়েল লাভেস্সি (পিএসজি), লিওনেল মেসি (বার্সেলোনা), কার্লোস তেভেস (ইউভেন্তুস)।
