২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিউনিখ জয় করেই ফিরতে চায় বার্সা

লুইস এনরিকে জানেন বায়ার্ন মিউনিখের মাঠ থেকে জয় নিয়ে ফেরা বেশ কঠিন। তবে মিউনিখ জয়ের লক্ষ্য নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্ব খেলতে যাওয়ার কথা বলেছেন বার্সেলোনা কোচ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 02:29 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

মঙ্গলবার বায়ার্নের মাঠে বার্সেলোনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।
 
প্রথম পর্বে নিজেদের মাঠে বায়ার্নকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে বলতে গেলে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় পর্বে নিজেদের সর্বনাশ ডেকে না আনার পরামর্শ দিয়ে রাখেন এনরিকে।
 
“এই ধরনের একটি ম্যাচে আপনি অতি আত্মবিশ্বাসী হতে পারেন না। প্রতিপক্ষকে সমীহ করতে হবে, খেলোয়াড়দের শান্ত রাখতে হবে, তাদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে।”
 
এরপর এই ম্যাচ নিয়ে নিজের চাওয়ার কথাও বলেন বার্সেলোনা কোচ। 
 
“(আমরা) ম্যাচটি জিততে প্রস্তুত।”
 
ঘরের মাঠে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে কাঙ্খিত লক্ষ্য অর্জনের উদাহরণ এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এর মধ্যেই দুবার রেখেছে বায়ার্ন।
 
শেষ ষোলোর লড়াইয়ে শাখতার দোনেৎস্কের বিপক্ষে প্রথম পর্বে ইউক্রেন থেকে ড্র করে ফিরেছিল তারা। নিজেদের মাঠে দ্বিতীয় পর্বে ৭-০ গোলে জেতে জার্মানির ক্লাবটি।  
 
কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে পোর্তোর মাঠে ৩-১ গোলে হেরেছিল পেপ গার্দিওলার দল। দ্বিতীয় পর্বে ঘরের মাঠে পোর্তোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ চারে ওঠে তারা।   
 
এনরিকে এই পরিস্থিতিতে পড়তে চান না বলে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। 
 
“আমরা উন্মত্ত খেলা চাই না এবং উন্মত্ত ম্যাচ হলেও আমরা এটাকে শান্ত করে দেব।”