ক্লে-কোর্টে নাদালকে হারালেন মারে
ক্লে-কোর্টে রাফায়েল নাদালের বিপক্ষে প্রথম জয় পেয়েছেন অ্যান্ডি মারে। আর এই জয়ের মধ্য দিয়ে মাদ্রিদ মাস্টার্সের শিরোপা জিতেছেন ব্রিটিশ এই টেনিস তারকা।
এই মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ফরাসি ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট মাদ্রিদ মাস্টার্সের ফাইনালে রোববার ৬-৩, ৬-২ গেমে জেতেন মারে।
ক্যারিয়ারে মারের এটা ৩৩তম শিরোপা। এক সপ্তাহের মধ্যে ক্লে-কোর্টে দ্বিতীয় শিরোপা জিতলেন দুবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন মারে।
গত সোমবার মিউনিখ ওপেনে প্রথমবারের মতো ক্লে-কোর্টে চ্যাম্পিয়ন হন তিনি।
