ইউভেন্তুসের বিপক্ষে খেলতে আশাবাদী ক্রুস
চোট সমস্যায় জর্জরিত রিয়াল মাদ্রিদ শিবিরে টনি ক্রুসকে নিয়ে নতুন শঙ্কা জেগেছিল। তবে ইউভেন্তুসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগে খেলার ব্যাপারে আশাবাদী মাঝ মাঠের এই তারকা।
গত শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে ২৫তম মিনিটে নিতম্বে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ক্রুস। তবে কোচ কার্লো আনচেলত্তি ধারণা করেছিলেন, জার্মান এই মিডফিল্ডারের চোট গুরুতর কিছু নয়।
অবশেষে সব শঙ্কা উড়িয়ে দিয়ে রোববার টুইটারে ক্রুস লেখেন, “এই মাত্র (আমার চোটের) পরীক্ষা-নিরীক্ষা হলো। কোনো চিন্তা নেই। বুধবারের দিকে মনোযোগ দেওয়া যাক।”
ভালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে লা লিগার শিরোপা লড়াই থেকে একরকম ছিটকেই পড়েছে ৩৬ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল। দুই রাউন্ড বাকি থাকতে শীর্ষে থাকা বার্সেলোনা ৪ পয়েন্টে এগিয়ে গেছে।
ফলে রিয়ালের সামনে সাফল্য দিয়ে মৌসুম শেষ করার এখন বলতে গেলে একটাই পথ খোলা; উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখা। ইউভেন্তুসের বিপক্ষে শেষ চারের প্রথম লেগ ২-১ গোলে হেরে সে পথটাও একটু কঠিন হয়ে পড়েছে।
আগামী বুধবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে ইউভেন্তুসের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে নামবে শিরোপাধারীরা।
