২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে হারিয়ে শীর্ষে সুসংহত শেখ জামাল

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের লড়াই দারুণ জমেছিল। উত্তাপ ছড়ানো এ ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 09:14 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালের জয়টি ২-১ গোলের। জয়ী দলের এমেকা ডারলিংটন ও ওয়েডসেন আলসেলমে একটি করে গোল করেন। মুক্তিযোদ্ধার একমাত্র গোলটি ছিল আত্মঘাতী, শেখ জামালের অধিনায়ক নাসির উদ্দিন চৌধূরী নিজেদের জালেই বল জড়িয়েছিলেন।

এ জয়ে শীর্ষে থাকা শেখ জামাল ২৩ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুক্তিযোদ্ধা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে ইয়ামিন মুন্নার কর্নার থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে এমেকাকে ক্রস দেন সোহেল রানা। তা থেকে মুক্তিযোদ্ধা গোলরক্ষককে পরাস্ত করতে একটুও ভুল হয়নি নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের।

তিন মিনিট পরই গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলের ভুলে গোল হজম করে শেখ জামাল। ডি বক্সের বাইরে মুক্তিযোদ্ধার এনামুল হকের সঙ্গে বল দখলের এক পর্যায়ে গোলরক্ষককে ব্যাক পাস দিয়েছিলেন অধিনায়ক নাসির। অপ্রস্তুত থাকা গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে ঢুকে যায়।

ম্যাচে সমতা ফেরার পর আক্রমণের ধার বাড়ায় শেখ জামাল। ২৩তম মিনিটে এমেকার ক্রস থেকে ওয়েডসেন আনসেলমে লক্ষ্যভেদে আবার এগিয়ে যায় তারা।

গোলটি নিয়ে অবশ্য ম্যাচে উত্তেজনা দেখা দেয়। এমেকার ক্রসের সময় ওয়েডসন অফসাইডে ছিলেন - এমন দাবি করে মুক্তিযোদ্ধার খেলোয়াড়রা খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানায়। পরে কর্মকর্তাদের হস্তক্ষেপে মুক্তিযোদ্ধার মাঠে ফেরার আগে খেলা বন্ধ থাকে আট মিনিট।

দ্বিতীয়ার্ধের শুরুতে মোনায়েম খান রাজু দ্বিতীয় দফা হলুদ কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

রাজুকে হারিয়ে মাঝমাঠের শক্তি কমে গেলেও আক্রমণের ধার ধরে রাখে শেখ জামাল। ডারবো ল্যান্ডিং ও ওয়েডসেন মুক্তিযোদ্ধার রক্ষণভাগকে চাপে রাখেন। তবে ৬৪তম মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে ওয়েডসেন শট নিতে ব্যর্থ হলে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ হারায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।