২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেতিকোর এবার লেভান্তে হোঁচট

লা লিগায় ফের হোঁচট খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। পয়েন্ট তালিকার পঞ্চদশ স্থানে থাকা লেভান্তের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 06:16 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

গত সপ্তাহে আথলেতিক বিলাবওয়ের সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছিল আতলেতিকো। 
 
প্রতিপক্ষের মাঠে রোববার ৩২তম মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার দাভিদ বারালের গোলে পিছিয়ে পড়ে আতলেতিকো। দিয়েগো সিমেওনের দলকে তিন মিনিট পরেই সমতায় ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার গিলেরমো সিকুয়েইরা। 
 
৬৩তম মিনিটে নাইজেরিয়ার স্ট্রাইকার কালু উচের গোলে ফের পিছিয়ে পড়ে আতলেতিকো। তবে ৮০তম মিনিটে তারকা স্ট্রাইকার ফের্নাদো তরেসের লক্ষ্যভেদে মূল্যবান ১ পয়েন্ট নিশ্চিত হয় দলটির।    
 
এই ড্রয়ের ফলে সরাসরি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার আশা একটু হোঁচট খেল আতলেতিকোর। এখনও অবশ্য লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানেই আছে তারা, ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৭৭। চতুর্থ স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৭৩। 
 
লা লিগার প্রথম তিনটি দল সরাসরি ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে খেলার টিকেট পায়, আর চতুর্থ দলটি প্লে-অফে খেলবে। 
 
সমান ৩৬ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে গেছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৬।