শিষ্যদের খেলায় মুগ্ধ বার্সা কোচ
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ‘গেরো’ ছোটাতে লিওনেল মেসি আর নেইমার অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন। শিষ্যদের খেলায় তাই মুগ্ধ বার্সেলোনার কোচ লুইস এনরিকে।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তিন ম্যাচ জয়হীন থাকার পর গত শনিবার নিজেদের মাঠ কাম্প নউতে ২-০ গোলের জয় পায় বার্সেলোনা।
অসাধারণ দুটি গোল করে নেইমার ও পেদ্রো এই জয়ে দারুণ ভূমিকা রাখেন। গোল না পেলেও ভালো খেলেন বার্সেলোনার সবচেয়ে বড় তারকা মেসি। নেইমারের গোলটিতে সরাসরি অবদান রাখেন তিনি। পেদ্রোর করা গোলটিতেও অবদান ছিল আর্জেন্টিনা অধিনায়কের।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “আমরা এমন একটি ম্যাচে ভালো খেলেছি, যেখানে আমাদের প্রতিপক্ষ ভালো রক্ষণ করেছে।”
এই জয়ে শিরোপার খুব কাছে পৌঁছে গেছে বার্সেলোনা। ৩৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৯০। একই দিন ভালেন্সিয়ার সঙ্গে ড্র করা রিয়ালের সমান ম্যাচে পয়েন্ট ৮৬।
এদিক থেকেও ম্যাচটিও বার্সেলোনার জন্য অসাধারণ ছিল বলে উল্লেখ করেন এনরিকে।
“আমাদের জন্য পয়েন্ট তিনটি গুরুত্বপূর্ণ ছিল।”
