২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে ফিরল ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিনটি হারের পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে লুইস ফন গালের দল। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 12:44 AM

Updated : 12 Oct 2022, 03:40 PM

গত তিন রাউন্ডে চেলসির কাছে ১-০, এভারটনের বিপক্ষে ৩-০ এবং ওয়েস্ট ব্রমের কাছে ১-০ গোলে হারে ইউনাইটেড।
 
তিন ম্যাচ বাকি থাকতে চেলসি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় এখানে শ্রেষ্টত্বের লড়াই নেই ঠিকই, কিন্তু পয়েন্ট তালিকায় সেরা চারে থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পাওয়ার লড়াইটা এখনও আছে। আর ক্রিস্টালকে হারিয়ে সে লড়াইয়ে নিজেদের সম্ভাবনা উজ্জ্বল করল ইউনাইটেড।
 
এই জয়ের পর ৩৬ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট হলো ৬৮। পঞ্চম স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৬১, তবে ১টি ম্যাচ কম খেলেছে তারা।
 
চ্যাম্পিয়ন চেলসির পয়েন্ট ৮৩। চেলসির সমান ৩৫ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ১ ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ৭০, তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। 
 
১৯তম মিনিটে ক্রিস্টাল প্যালেসের ইংলিশ ডিফেন্ডার স্কট ড্যান নিজেদের ডি বক্সে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় ইউনাইটেড। আর তা থেকেই দলকে এগিয়ে দেন হুয়ান মাতা।
 
৫৭তম মিনিটে ক্রিস্টালের ইংলিশ মিডফিল্ডার জ্যাসন পানচিয়ন গোলটি শোধ করে দিলে আবারও পয়েন্ট হারানোর শঙ্কা জাগে ইউনাইটেডের। 
 
তবে ৭৮তম মিনিটে ফের ইউনাইটেডকে এগিয়ে দেন মারোয়ানি ফেলাইনি। অ্যাশলে ইয়ংয়ের ক্রসে হেড করে বল জালে জড়ান বেলজিয়ামের এই মিডফিল্ডার। এই গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় ওল্ড ট্র্যাফোর্ডের দলটির।