২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের এবারের প্রতিপক্ষ সেই ভালেন্সিয়া

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকতে এ সপ্তাহেই বাঁচা-মরার লড়াইয়ে নামতে হবে রিয়াল মাদ্রিদকে। তবে ইউভেন্তুসের বিপক্ষে ওই ম্যাচের চেয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকতে চতুর্থ স্থানে থাকা ভালেন্সিয়াকে হারানো নিয়েই এখন যত ভাবনা কোচ কার্লো আনচেলত্তির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 10:29 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

লিগের এবারের আসরে প্রথম পর্বে ভালেন্সিয়ার মাঠ থেকে ২-১ ব্যবধানে হেরে ফিরতে হয়েছিল রিয়ালকে। তাই জয়ের পথে ফেরার পাশাপাশি রিয়ালের জন্য এই ম্যাচ প্রতিশোধ নেওয়ার সুযোগও।

ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার বাংলাদেশ সময় রাত ১২টায় ভালেন্সিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে নামবে রিয়াল।

ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্ট সেমি-ফাইনালের প্রথম লেগে ইউভেন্তুসের মাঠে ২-১ গোলে হেরে যাওয়ায় ছিটকে পড়ার শঙ্কায় আছে রিয়াল। ফাইনালে উঠতে তাই আগামী বুধবারের ফিরতি লেগে জিততেই হবে শিরোপাধারীদের।

এখনই অবশ্য সেটা নিয়ে ভাববার সুযোগ নেই দলটির। কারণ লিগের শিরোপা লড়াইয়েও তাদের অবস্থা বেশ নাজুক; শেষ তিন রাউন্ডের কোনো একটিতে হোঁচট খেলে এই প্রতিযোগিতা জেতার বাকি সম্ভাবনাটুকুও শেষ হয়ে যেতে পারে দলটির।

তাছাড়া স্পেনের ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় রিয়ালের এবারের প্রতিপক্ষও বেশ শক্ত, ৩৫ ম্যাচের ২১টিতে জেতা ভালেন্সিয়ার সঙ্গে শেষ দেখার ফলও নিশ্চয় তাড়িয়ে বেড়াচ্ছে রোনালদো-বেলদের। প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ২২ ম্যাচ জিতে বছর শুরু করা ইউরোপের সফলতম দলটি গত জানুয়ারিতে মেস্তালার দলটির কাছে হেরেই কক্ষপথ থেকে ছিটকে পড়ে।

সেই যে শুরু, পরে একের পর এক হোঁচটে প্রথম কোপা দেল রে থেকে ছিটকে পড়ে রিয়াল। তারপর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লিগের শীর্ষস্থানও হারায় তারা। বর্তমানে ৩৫ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বের্নাবেউয়ের দলটি।

দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর সাম্প্রতিক ফর্ম অবশ্য ভালেন্সিয়ার বিপক্ষে প্রতিশোধ নেওয়ার আশা জোগাচ্ছে রিয়ারকে। এই মৌসুমে এখন পর্যন্ত ৫৪ গোল করা পর্তুগিজ এই ফরোয়ার্ড শেষ দুই ম্যাচে করেন ৪ গোল। এর মধ্যে গত শনিবার লিগে সেভিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে একাই সবকটি গোল করেন এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী।

পয়েন্টের সব হিসেব-নিকেশের পরও একটা শঙ্কা অবশ্য তাতিয়ে বেড়াচ্ছে স্প্যানিশ ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতাকে। টিভি স্বত্ত্বের নতুন আইন নিয়ে সরকারের সঙ্গে বিবাদের জের ধরে ধর্মঘটের ডাক দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন। আগামী ১৬ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়ায় শীর্ষ লিগসহ দেশটির সব ধরনের ফুটবলই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রিয়ালের কোচ আনচেলত্তি অবশ্য এই ব্যাপার নিয়ে খুব একটা ভাবছেন না। আগামী কয়েক দিনের মধ্যে এই সমস্যা সমাধান হয়ে যাবে বলেও মনে করছেন তিনি।