এগিয়ে গিয়েও শেখ রাসেলের ড্র
দুই গোলে এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি শেখ রাসেল ক্রীড়া চক্র। ফরাশগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বাদশ মিনিটে জাহিদ হাসান এমিলির গোলে এগিয়ে যায় শেখ রাসেল। এরপর ২৬তম মিনিটে পল এমিলের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় তারা।
দুই গোলে পিছিয়ে পড়ার পর ৩৪তম মিনিটে শাহিনুরের গোলে ম্যাচে ফেরে ফরাশগঞ্জ। বিরতির পর ৭১তম মিনিটে শেখ রাসেলের গোলরক্ষককে পরাস্ত করে দলকে সমতায় ফেরান শঙ্কর।
৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তারা। তিন ড্রয়ে পাওয়া তিন পয়েন্ট নিয়ে তালিকায় দশম স্থানে রয়েছে তারা।
আর ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে রয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
