রিয়ালের প্রেরণা অতীত, আতলেতিকোর বর্তমান
স্পেনের ফুটবলে এ মৌসুমে ছয়বার মুখোমুখি হওয়ার পর এবার ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টে একে অপরের বিপক্ষে খেলতে নামছে স্পেনের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটির আগে রিয়ালের প্রেরণা ইউরোপিয়ান প্রতিযোগিতায় তাদের অতীত সাফল্য। আর আতলেতিকোর ভরসা নগর প্রতিপক্ষের বিপক্ষে তাদের বর্তমান অদম্য ফর্ম।
চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে গত এক বছর ধরে লজ্জায় ডোবাচ্ছে আতলেতিকো। গত বছরের মে মাসে রিয়ালের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারে আতলেতিকো। এরপর একই শহরের এই দুই ক্লাবের ছয় বার মুখোমুখি হয়। একটিতেও জিততে পারেনি রিয়াল; চারটিতে হেরেছে তারা, দুটি ম্যাচ ড্র হয়েছে।
গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর রিয়াল-আতলেতিকোর প্রথম দেখা হয় স্পেনের সুপার কাপে। ১৯ অগাস্ট সান্তিয়াগো বের্নাবেউতে প্রথম লেগে দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ২২ অগাস্ট নিজেদের মাঠে দ্বিতীয় পর্বে ১-০ গোলে জেতে আতলেতিকো।
তিন সপ্তাহ পর লা লিগায় রিয়ালের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে আতলেতিকো। আর ফেব্রুয়ারিতে লিগের ফিরতি ম্যাচে নিজেদের মাঠে ৪-০ গোলে জেতে তারা।
এর আগে এ বছরের ৭ জানুয়ারি কোপা দেল রের শেষ ষোলোর প্রথম পর্বে নিজেদের মাঠে ২-০ গোলে জেতে আতলেতিকো। ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্বে দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। দুই পর্ব মিলে ৪-২ ব্যবধানে রিয়ালকে পেছনে ফেলে কোপা দেল রের শেষ আটে ওঠে আতলেতিকো।
কোচ দিয়েগো সিমেওনেই আতলেতিকোকে বদলে দিয়েছেন বলে মনে করেন দলটির ফরোয়ার্ড ফের্নান্দো তোরেস। বদলে যাওয়া আতলেতিকো এই ম্যাচেও রিয়ালের বিপক্ষে তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারবে বলে জানান স্পেনের এই তারকা।
রিয়াল মাদ্রিদ শিবিরে অবশ্য প্রতিবেশীদের এই অদম্য রূপ থামাতে মরিয়া ভাব রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচ দিয়ে সিমেওনের দলের আধিপত্যের অবসান হবে বলে মনে করেন রিয়ালের ডিফেন্ডার আলভারো আরবেলোয়া।
স্পেনের লা লিগায় গত শনিবার এইবারকে ৩-০ গোলে হারানোর পর আরবেলোয়া বলেন, “দলে অনেক আশা আর প্রেরণা আছে।”
এই ম্যাচের আগে রিয়ালের সবচেয়ে বড় প্রেরণা তাদের উজ্জ্বল অতীত। বিশেষ করে আতলেতিকোর বিপক্ষে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় কখনও না হারাই ভরসা জোগাচ্ছে রিয়ালকে।
ইউরোপের ক্লাব ফুটবলে দুই দলের প্রথম সাক্ষাৎ হয় ১৯৫৯ সালে। এখনকার চ্যাম্পিয়ন্স লিগের নাম তখন ছিল ইউরোপিয়ান কাপ। সেই ইউরোপিয়ান কাপের সেমি-ফাইনালের প্রথম পর্বে বের্নাবেউতে ২-১ গোলে জেতে রিয়াল। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জেতে আতলেতিকো।
সেই সময়ে অ্যাওয়ে গোলের হিসেব ছিল না বলে দুই দলকে প্লে-অফ খেলতে হয়। প্লে-অফে আতলেতিকোকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে সেবার শিরোপা জেতে রিয়াল।
এরপর এই প্রতিযোগিতায় মাদ্রিদের দুই শহরের মুখোমুখি লড়াই হয় গত মৌসুমে ফাইনালে। আতলেতিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বহু কাঙ্খিত ‘লা দেসিমা’ জেতে রিয়াল।
মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বের আরেক ম্যাচে মুখোমুখি হবে ইউভেন্তুস ও মোনাকো।
