২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফন গালকে 'শয়তান' বললেন মারাদোনা

লুইস ফন গালকে 'শয়তান'-এর সঙ্গে তুলনা করেছেন দিয়েগো মারাদোনা। রাদামেল ফালকাওকে টানা পাঁচ ম্যাচ বদলি হিসেবে খেলানোটা পছন্দ হয়নি বলেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচকে নিয়ে এমন মন্তব্য করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 08:51 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

মোনাকো থেকে এই গ্রীষ্মেই ধারে ইউনাইটেডে যোগ দেন কলম্বিয়ার ফরোয়ার্ড ফালকাও। চোট থেকে সেরে ওঠা ফালকাও ইংলিশ প্রিমিয়ার লিগে যেন নিজের ছায়া হয়েই আছেন। ২০ ম্যাচে মাত্র চারটি গোল পেয়েছেন তিনি।

ইউনাইটেডের হয়ে নিজেকে মেলে ধরতে না পারার কারণেই গত পাঁচ ম্যাচ ধরে বদলি হিসেবে খেলতে হচ্ছে তাকে।

সম্প্রতি কলম্বিয়া সফরে গিয়ে ফালকাওকে নিয়ে ফন গালের এমন আচরণের সমালোচনা করেন আর্জেন্টিনাকে ১৯৮৬ সালের বিশ্বকাপ জেতানো মারাদোনা।

বোগোতায় এক সংবাদ সম্মেলনে মারাদোনা বলেন, "ফন গাল ভালো মানুষ নন। অন্য যে কোনো কিছুর চেয়ে ফন গাল শয়তানের কাছাকাছি।"

মারাদোনা যা-ই বলুন, ফালকাওকে পুরো ম্যাচ না খেলানোর বিশেষ কারণ আছে ফন গালের। গত মৌসুমে হাঁটুর বড় চোটে পড়েছিলেন ফালকাও। হাঁটুতে অস্ত্রোপচারের কারণে ব্রাজিল বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি।

হাঁটুর চোটের সেই ধকল এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি ফালকাও। আর তিনি আগের সেই ফালকাও নেই বলেও মনে করেন ফন গাল। এ ছাড়া ওয়েইন রুনিকেন্দ্রিক ইউনাইটেডের আক্রমণভাগ বেশ ভালোও করছে।