২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুরন্ত বার্সার সামনে ‘ঘরে’ অদম্য সেভিয়া

চলতি বছরের শুরু থেকে দুরন্ত ফুটবল খেলছে বার্সেলোনা। অন্যদিকে সেভিয়াও নিজেদের মাঠে অদম্য। লা লিগায় এবার সেভিয়ার মাঠে বার্সেলোনা যাচ্ছে বলে দুই দলের লড়াইটি উত্তেজনা ছড়াচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 08:21 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

শনিবার বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে লা লিগার তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনা ও পঞ্চম স্থানে থাকা সেভিয়া।

প্রতিপক্ষের মাঠে টানা ছয় জয় তুলে নিয়ে বার্সেলোনা এ মুহূর্তে উড়ছে। অন্যদিকে নিজেদের মাঠে টানা ২৬ ম্যাচে অজেয় রয়েছে সেভিয়া। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর থেকে নিজেদের মাঠে হারেনি তারা।

লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেস-এই ত্রয়ীকে সেভিয়ার বিপক্ষে ম্যাচে পাচ্ছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। তাছাড়া দুই দলের সর্বশেষ মুখোমুখির ফলটাও তার পক্ষে। চলতি লিগ মৌসুমে কাম্প নউয়ের ম্যাচে সেভিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টিনা ফরোয়ার্ড মেসি।

ঘরের মাঠে অদম্য সেভিয়ার সামনে ম্যাচটি তাই ওই বড় হারের প্রতিশোধ নেওয়ার উপলক্ষ। তাছাড়া পয়েন্ট তালিকায় সেরা চারে ঢুকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে জায়গা করে নেওয়ার সুযোগও হাতছানি দিচ্ছে তাদের।

৬১ পয়েন্ট নিয়ে এ মূহূর্তে পঞ্চম স্থানে রয়েছে সেভিয়া। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভালেন্সিয়া। নিজেদের সর্বশেষ ম্যাচে আলমেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা ৭৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে।

শক্তি আর ঐতিহ্যের ব্যবধান জেনেও সেভিয়ার দানিয়েল কার্রিকো বার্সেলোনাকে রুখে দেওয়ার ব্যাপারে আশাবাদী। স্বাগতিক দলের এই ডিফেন্ডার বলেন, “বার্সেলোনাকে হারানো ভীষণ কঠিন, তারা লিগের তালিকায় শীর্ষে রয়েছে। আমরা বার্সেলোনার জীবনকে কঠিন করে তোলার চেষ্টা করব। নিজেদের গোলপোষ্ট আগলে রেখে দ্বিতীয়ার্ধে তাদের আক্রমণের চেষ্টা করব।”

শনিবারের ম্যাচটি ‘কঠিন’ বললেও সেভিয়ার এই পর্তুগিজ ডিফেন্ডার আরও জানান, নিজেদের দর্শকের সামনে খেলাটা সব সময় সাহায্য করে এবং বার্সেলোনার বিপক্ষে ম্যাচেও এর ব্যতিক্রম হবে না।

বার্সেলোনা কোচ এনরিকে শুক্রবার সাংবাদিকদের জানান, চলতি মৌসুমটা তাদের বেশ ভালো যাচ্ছে এবং সেভিয়ার বিপক্ষেও জয়ের লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে তার দল।