২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইবার ম্যাচের আগে রিয়ালে নিষেধাজ্ঞা আর চোট 

স্পেনের লা লিগায় এ মৌসুমেই প্রথমবারের মতো খেলতে আসা এইবার প্রথমবারের মতো সান্তিয়াগো বের্নাবেউতেও খেলবে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি স্মরণীয় করে রাখতে চায় তারা। এমন একটি ম্যাচের আগে স্পেনের লা লিগার অন্যতম সেরা দল রিয়ালকে নিষেধাজ্ঞা আর চোট নিয়েই বেশি ভাবতে হচ্ছে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 08:04 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

শনিবার নিজেদের মাঠে এইবারের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচ থেকে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এইবারের বিপক্ষে ম্যাচটি জিতলে বার্সেলোনাকে একটু চাপে রাখতে পারবে রিয়াল। একই দিন বাংলাদেশ সময় রাত ১২টায় সেভিয়ার বিপক্ষে খেলতে নামবে লুইস এনরিকের বার্সেলোনা। 
 
যশ আর খ্যাতি, তারকাদ্যুতি ও শক্তিতে এইবারের চেয়ে অনেক এগিয়ে রিয়াল। তবু এই ম্যাচের আগে স্বস্তিতে নেই কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচের আগে নিষেধাজ্ঞা আর চোটের সমস্যায় জর্জরিত তারা। 
 

রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগার আগের ম্যাচে ২-০ গোলে জেতা ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, হামেস রদ্রিগেস ও টনি ক্রুস। তিনজনেরই এটা লিগে এ মৌসুমে পঞ্চম হলুদ কার্ড। লা লিগার নিয়ম অনুযায়ী পাঁচটি হলুদ কার্ড দেখা খেলোয়াড় লিগে পরের ম্যাচটি খেলতে পারবেন না।  ডাইভের অভিযোগে পাওয়া রোনালদোর হলুদ কার্ডের বিরুদ্ধে আবেদন করে সাফল্য পেয়েছে রিয়াল। পর্তুগালের এই তারকা ফরোয়ার্ডের আর এ ম্যাচে খেলতে বাধা নেই। তবে রদ্রিগেস ও ক্রুসকে দর্শক হয়েই থাকতে হবে। চোটের সমস্যায় ভুগছেন গ্যারেথ বেল। পেশির চোটের সমস্যার কারণে এই ম্যাচে তার নাও খেলা হতে পারে। চোট কাটিয়ে অনেকদিন পর অনুশীলনে ফিরলেও পর্তুগালের ডিফেন্ডার পেপের খেলার সম্ভাবনাও অনেক কম।  আগের ম্যাচে মালাগাকে হারিয়ে আত্মবিশ্বাসের পালে হাওয়া ভরে নেওয়া এইবার দলে কোনো চোটের খবর নেই। এই মুহূর্তে নিজেদের সেরা দলটি নিয়ে বের্নাবেউতে যেতে পারবে তারা। মনের মধ্যে গত নভেম্বরে লিগে রিয়ালের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যাওয়ার প্রতিশোধের ভাবনাটা নিয়েই বের্নাবেউতে পা রাখবে তারা।