২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উঠে গেল রোনালদোর নিষেধাজ্ঞা

 ক্রিস্তিয়ানো রোনালদোর হলুদ কার্ডের বিরুদ্ধে আবেদন করে সাফল্য পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর এতে স্পেনের লা লিগায় এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন তারকা এই ফরোয়ার্ড। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 06:09 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এইবারের বিপক্ষে লা লিগার ম্যাচে পর্তুগিজ এই ফরোয়ার্ডকে দলে পাচ্ছেন কার্লো আনচেলত্তি।
 
সান্তিয়াগো বের্নাবেউতে শনিবার এইবারের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
 
মার্কা রেডিও শুক্রবার রোনালদোর হলুদ কার্ড ইস্যুতে রিয়ালের জয়ী হওয়ার খবরটি দেয়।  
 
গত বুধবার রায়ো ভায়েকানোর মাঠ থেকে স্পেনের লা লিগার ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল। ওই ম্যাচে বক্সের মধ্যে ডাইভ দেওয়ার অভিযোগে ৫১তম মিনিটে হলুদ কার্ড দেখেন রোনালদো।
 
এটা ছিল লিগে এ মৌসুমে রোনালদোর পঞ্চম হলুদ কার্ড। লা লিগার নিয়ম অনুযায়ী এক মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখা খেলোয়াড় লিগে পরের ম্যাচটি খেলতে পারবেন না। 
 
একই ম্যাচে হামেস রদ্রিগেস আর টনি ক্রুসও হলুদ কার্ড দেখেন। দুজনেই লিগে এ মৌসুমে পাঁচটি করে হলুদ কার্ড  দেখায় এইবারের বিপক্ষে ম্যাচে দর্শক হয়ে থাকবেন। 
  
ভায়েকানোর বিপক্ষে ম্যাচ শেষে রোনালদোকে দেওয়া হলুদ কার্ড নিয়ে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ দেখান রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। রিয়ালের পক্ষ থেকেও তখন জানানো হয়েছিল, রেফারির সিদ্ধান্তের বিপক্ষে আবেদন করবে তারা।