বার্সা ম্যাচে থাকছেন না পিএসজির চিয়াগো-লুইস
মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে জিতে ফরাসি লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠলেও সমস্যায় পড়েছে দলটি। এই ম্যাচে চোট পাওয়া দলের দুই তারকা দাভিদ লুইস ও চিয়াগো মোত্তা বার্সেলোনার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে খেলতে পারবেন না।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিএসজির কোচ লরাঁ ব্লাঁ জানান, শেষ ষোলোতে চেলসির বিপক্ষে অসাধারণ গোল করে দলকে কোয়ার্টার-ফাইনালে তোলা ব্রাজিলের লুইসকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় পর্বের ম্যাচটিও খেলতে পারবেন না তিনি।
মোত্তাকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে বলেও জানান ব্লাঁ।
বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে পিএসজির ম্যাচটি আগামী ১৫ এপ্রিল। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ ও ডিফেন্ডার মার্কো ভেরাত্তি।
বার্সেলোনার মাঠ কাম্প নউতে দ্বিতীয় পর্বে ২১ এপ্রিল মুখোমুখি হবে দুই দল।
গ্রুপ পর্বে বার্সেলোনাকে নিজেদের মাঠে ৩-২ গোলে হারিয়েছিল পিএসজি। কিন্তু ফিরতি ম্যাচে কাম্প নউতে ৩-১ হারে তারা।
