২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলের চোটে সমস্যায় রিয়াল

রায়ো ভায়েকানোর মুখোমুখি হওয়ার আগে কিছুটা সমস্যায় আছে রিয়াল মাদ্রিদ। পায়ের চোটের কারণে এই ম্যাচে নাও খেলতে পারেন দলের তারকা ফুটবলার গ্যারেথ বেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 03:44 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

বুধবার ভায়েকানোর মাঠে রিয়াল মাদ্রিদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

রিয়ালের ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে নিজেদের মাঠে আলমেরিয়ার বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা। আলমেরিয়ার বিপক্ষে বার্সেলোনা জিতে গেলে পয়েন্ট ব্যবধান ঠিক রাখতে অবশ্যই জিততে হবে রিয়ালকে। আর বার্সেলোনা হারলে ভায়েকানোর বিপক্ষে ম্যাচ জিতে পয়েন্ট ব্যবধান কমাতে পারবে দ্বিতীয় স্থানে থাকা দলটি।

এই ম্যাচের আগে ২৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৭। আর সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭১।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেল খেলতে না পারলে মাঝমাঠ নিয়ে নতুন করে ভাবতে হবে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে। টনি ক্রুস ও লুকা মদ্রিচের সঙ্গে হামেস রদ্রিগেস, নাকি ইসকোকে খেলাবেন; সমস্যাটা এ নিয়েই।

“বেলকে নিয়ে আমাদের একটা সমস্যা আছে, বা পাঁয়ে ব্যথা আছে। (হামেস ও ইসকো) দুজনেই খেলতে পারে, কারণ তারা এক সঙ্গে অনেকবার খেলেছে। বিতর্কটা হামেস বা ইসকোকে নিয়ে নয়; এটা আসলে ভালো অবস্থায় থাকা স্কোয়াড নিয়ে।”

গ্রানাদাকে আগের ম্যাচেই ৯-১ গোলে উড়িয়ে দেয় রিয়াল। সেই ম্যাচে একটি গোল করা বেল দারুণ খেলেছিলেন।