নেইমারের গোল-খরায় চিন্তিত নন বার্সা কোচ
নেইমারের গোল-খরা নিয়ে চিন্তিত নন লুইস এনরিকে। ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড শিগগিরই গোলে ফিরবেন বলে মনে করেন বার্সেলোনা কোচ।
বুধবার নিজেদের মাঠে আলমেরিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নেইমারের গোল-খরা নিয়ে কথা ওঠে। এনরিকে উল্টো নেইমারের প্রশংসাই করেন সেখানে।
“আমি একদম চিন্তিত নই। আমরা অসাধারণ একজন খেলোয়াড় নিয়ে কথা বলছি, একজন শীর্ষ খেলোয়াড়।”
মৌসুমের প্রথমার্ধটা অসাধারণ কাটে নেইমারের। এ মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় ১৭ গোল করেন তিনি। কিন্তু নতুন বছরে বার্সেলোনার হয়ে একটু যেন নিষ্প্রভ ব্রাজিলের অধিনায়ক। এ বছরে তিনি করেন ৬ গোল।
গত ১৫ ফেব্রুয়ারি লেভান্তের বিপক্ষে ঘরের মাঠে ৫-০ ব্যবধানের জয়ে লা লিগায় সবশেষ গোল পান নেইমার। এরপর লিগে ৬টি ম্যাচ খেলে বার্সেলোনা।
বার্সেলোনার সামনে ২০০৯ সালের পর এই প্রথম আবার শিরোপা ত্রয়ী জয়ের হাতছানি রয়েছে। এর আগে নেইমারের গোল না পাওয়ার বিষয়টি দলটির জন্য দুশ্চিন্তার কারণ হতেই পারে। তবে এনরিকের ভাবনাটা একটু অন্যরকমই।
“অনুশীলনে যা দেখেছি, তাতে আমি নিশ্চিত শিগগিরই সে গোলে ফিরবে এবং সে সেরা ফর্মে ফিরবে। এখন একটু কম দৃষ্টিনন্দনভাবে সে আমাদের সাহায্য করছে, আপনাদের চোখে যা একটু কম পড়ে; কিন্তু সে দলকে অনেক কিছু দেয়, আমি যেটাকে গুরুত্বপূর্ণ মনে করি।”
বুধবার আলমেরিয়ার বিপক্ষে জিতে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে রিয়াল মাদ্রিদের ওপর আরও চাপ ফেলতে পারে বার্সেলোনা। বার্সেলোনা-আলমেরিয়া ম্যাচ শুরুর দুই ঘণ্টা পর রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল। বার্সেলোনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
১৫ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। নিজেদের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচটি ২১ এপ্রিল খেলবে তারা।
৩০ মে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা।
এই তিন শিরোপা জিতে আরেকবার অনন্য এক কীর্তি গড়তে পারে এনরিকের দল। প্রথম স্প্যানিশ ক্লাব হিসেবে এর আগে এক মৌসুমে (২০০৮-'০৯ মৌসুম) এই তিন শিরোপা জিতেছিল বার্সেলোনা।
