রিয়ালের পেছনেই ছুটছে আতলেতিকো
রিয়াল মাদ্রিদের পেছন পেছনই ছুটছে লা লিগার শিরোপা লড়াইয়ে একটু পিছিয়ে পড়া আতলেতিকো মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আপাতত দুইয়ে নিয়ে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার নিজেদের মাঠে সোসিয়েদাদকে ২-০ গোলে হারায় আতলেতিকো। এই জয়ের পর তৃতীয় স্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট দাঁড়ায় ৩০ ম্যাচে ৬৫। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। আর ২৯ ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭১।
সোসিয়েদাদের বিপক্ষে নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আতলেতিকো। ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়েও যায় দিয়েগো সিমেওনের দলটি। তবে গোলটি ছিল সোসিয়েদাদ ডিফেন্ডার মিকেল গনসালেসের আত্মঘাতী।
দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আতলেতিকো। কোকের শট সোসিয়েদাদের গোলরক্ষক ফিরিয়ে দেওয়ার পর বল পান আতলেতিকোর আন্তোয়ান গ্রিজমান। সহজেই বল জালে জড়ান দারুণ ফর্মে থাকা ফরাসি এই ফরোয়ার্ড। স্পেনের লা লিগায় এবারের মৌসুমে এটি তার ১৬তম গোল।
গোল করে গ্রিজমান তেমন উদযাপন করেননি। সোসিয়েদাদে এর আগে ৫ বছর কাটিয়ে যাওয়ায় সংযত ছিলেন তিনি।
